ইউটিউব বদলে দিলো ‘গ্যাংনাম’
অনলাইনে সবচেয়ে বেশি দেখা ভিডিওর রের্কড সৃষ্টিকারী কোরিয়ান পপশিল্পী সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ আবারও ঝড় তুলেছে। এই মিউজিক ভিডিওটির কারণে ইউটিউবে দর্শন সংখ্যার সীমা বাড়াতে হলো ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব।
বিবিসি বলছে, ইউটিউবে এতদিন ভিডিও দর্শন গণনা করা হতো সবোর্চ্চ ৩২ অংক অর্থাৎ ২১৪ কোটি পর্যন্ত। ‘গ্যাংনাম স্টাইল’ শিরোনামের ভিডিওটি সে সংখ্যা অনেক আগেই ছাড়িয়েছে।ইউটিউবকে তাই সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে হলো।
ইউটিউব আনুষ্টানিকভাবে ১ ডিসেম্বর এক বিবৃতিতে বলেছে, “আমরা কখনো ভাবিনি যে কোন ভিডিও ২১৪ কোটির বেশি বার দেখা হবে বা সেই ‘ভিউ’ এর সংখ্যা ৩২ অংক ছাড়িয়ে যাবে।”
“তবে সে কথা আমরা ভেবেছিলাম সাইয়ের আবির্ভাবের আগে।”
‘গ্যাংনাম স্টাইল’ ইউটিউবে প্রকাশ করা হয় ২০১২ সালে। সঙ্গে সঙ্গে ভিডিওটি দক্ষিণ কোরিয়ার সীমা ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক ভিডিওতে পরিণত হয়।
ইউটিউবের মালিক গুগল কিছুদিন আগে বলেছে গুগলের প্রকৌশলীরা বেশ কয়েক মাস আগেই বুঝতে পেরেছিলেন ‘গ্যাংনাম স্টাইল’-এর কারণে ইউটিউব ব্যবস্থার ক্ষমতা বাড়াতে হবে।
গ্যাংনাম স্টাইলের পর ইউটিউবে সবচেয়ে বেশি বার দেখা ভিডিও হচ্ছে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের মিউজিক ভিডিও ‘বেবি’।
তবে সেটির দর্শন সংখ্যার সঙ্গে ‘গ্যাংনাম স্টাইল’-এর পার্থক্য ১০০ কোটিরও বেশি।
