‘সং অফ দ্যা ইয়ার’- গ্যাংনাম স্টাইল
পপতারকা সাই এর ‘গ্যাংনাম স্টাইল’ এবার নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার ‘সং অফ দ্যা ইয়ার’ হিসেবে। ১৬ জানুয়ারি রাতে কোরিয়ান গ্র্যামি হিসেবে খ্যাত ‘ডিজিটাল ডায়েসাং অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ওই ঘোষণা দেওয়া হয়। খবর ইয়াহু নিউজ এর।
অনলাইনে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর ব্যাপক জনপ্রিয়তা এবং স্বীকৃতি লাভের পর নিজের দেশের ‘মিউজিক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন’ এর কাছ থেকে এবার এমন সম্মান পেলেন সাই। কিন্তু মালয়শিয়ার স্প্যাং ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত ওই আয়োজনের সে সন্ধ্যায় উপস্থিত থাকতে পারেননি তিনি।
অনুষ্ঠানটিতে সাই এর পাশাপাশি আরো পুরস্কৃত হয় কোরিয়ান ব্যান্ড ‘বিগ ব্যাং’, ‘জি-ডি ড্রাগন’ এবং ‘টি-আরা’। এছাড়াও বছরের জনপ্রিয়তম ব্যান্ডের খেতাবে ভূষিত হয় বয়ব্যান্ড ‘সুপার জুনিয়র’।
