'সমালোচিত সিনেমাই ১০০ কোটির বেশি আয় করে'
হৃতিক রোশান, ক্যাটরিনা কাইফ অভিনীত হিন্দি সিনেমা ‘ব্যাং ব্যাং’ মুক্তির পাঁচ দিনের মধ্যেই ভারত এবং ভারতের বাইরে আয় করে নিয়েছে ২০০ কোটি রুপির বেশি। সমালোচকদের কাছ থেকে খুব একটা ভাল প্রতিক্রিয়া না পেলেও সিনেমাটির এমন সাফল্যে দারুণ খুশি হৃতিক।
“সবার মতামতই ব্যাক্তিগতভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ। ভারতীয় সিনেমাগুলির মধ্যে যেগুলোই সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তার সবগুলোই ১০০ কোটি রুপির ওপরে আয় করেছে। তাই এর প্রত্যেকটিকেই আমি সম্মান করি।”
হৃতিক অভিনীত এই সিনেমাটি টম ক্রুজ এবং ক্যামেরন ডিয়াজ অভিনীত মার্কিন সিনেমা ‘ডে অ্যান্ড নাইট’-এর আনুষ্ঠানিক রিমেইক। মারদাঙ্গা অ্যাকশন, অন্তরঙ্গ রোমান্স এবং নাচে-গানে ভরপুর এই সিনেমায় রয়েছে গতানুগতিক হিন্দি সিনেমার সবগুলো উপাদানই।
ওদিকে একইসময়ে মুক্তি পেয়েছে ভিশাল ভারদ্বাজের সিনেমা ‘হায়দার’। শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ অবলম্বনে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহিদ কাপুর। সিনেমাটি সমালোচকদের ভূয়সী প্রশংসা পেলেও বক্স অফিসে ‘ব্যাং ব্যাং’ কে টক্কর দিতে পারছে না মোটেও।
১৪০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করে প্রায় ৩০ কোটি রুপি। চারদিন পরে কেবল ভারত থেকেই ‘ব্যাং ব্যাং’ উঠিয়ে নিয়েছে দেড়শো কোটি রুপির ওপরে। ভারতের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, পাকিস্তান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সিনেমাটি আয় করেছে আরো ৪৫ কোটি রুপি।
সিনেমার এই সাফল্যে দারুণ খুশি ৪০ বছর বয়সী হৃতিক। সিনেমাটি এরমধ্যেই তার অভিনীত সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘কৃশ থ্রি’র রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
“আমরা কিন্তু সিনেমার টিকেটের দাম বাড়াইনি। বক্স অফিসে আমাদের সিনেমার প্রতিযোগী আরেকটি সিনেমাও ছিল। তারপরও এটির সাফল্য ছাড়িয়ে গেছে ‘কৃশ থ্রি’কেও। আমি যারপরনাই খুশি।”
সিনেমার সাফল্যের সঙ্গে হৃতিকের জন্য বাড়তি আনন্দ তার দুই ছেলে হৃহান এবং হৃদানের ‘ব্যাং ব্যাং’ পছন্দ হওয়া।
“আমি চাইছিলাম আমার সন্তানেরা যেন সিনেমাটি পছন্দ করে। আমি এতটাই উত্তেজিত ছিলাম বিষয়টি নিয়ে যে, আমি নিজেই তাদেরকে তৈরি করে সিনেমাটি দেখাতে নিয়ে গেছি। তারা মধ্যরাতের শোতে সিনেমাটি দেখেছে এবং আমাকে বলেছে এটাই তাদের দেখা আমার সেরা সিনেমা। আমি খুবই খুশি, কারণ এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া।”
