‘কিক'কে হারিয়ে দিলো ‘ব্যাং ব্যাং’
ভারতজুড়ে সিনেমা হলগুলোতে আগাম টিকেট বুকিং-এর হিড়িক দেখে আঁচ করা যাচ্ছিল প্রথম দিনই বাজিমাত করতে যাচ্ছে হৃতিক রোশান ও ক্যাটরিনা কাইফের নতুন ছবি 'ব্যাং ব্যাং’।
প্রথম দিনের আয়ে সালমান খানের সিনেমা ‘কিক’কেও পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি। তবে ডিঙ্গাতে পারেনি অজয় দেবগনের ‘সিংহাম রিটার্নস’-এর রেকর্ড।
‘ব্যাং ব্যাং’-এর পরিবেশক ফক্স স্টার জানিয়েছে, প্রথম দিনে শুধুমাত্র ভারতে সিনেমাটি আয় করেছে ২৭ কোটি ৫৪ লাখ রুপি। প্রথম দিনেই বছরের সবচেয়ে বেশি আয়কারী সিনেমার রেকর্ডটি যদিও 'সিংহাম রিটার্নস’-এর দখলেই আছে, তবে দ্বিতীয় স্থানটি চলে গেছে সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’-এর ঝুলিতে।
হৃতিকের ক্যারিয়ারে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কারী সিনেমা এতদিন ছিল ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘কৃশ থ্রি’, যা আয় করেছিল ২৫ কোটি ৫০ লাখ রুপি। সেই রেকর্ডকে ছাড়িয়ে এবার নতুন রেকর্ড গড়েছে 'ব্যাং ব্যাং'।
ওদিকে এ সিনেমার কারণে সবর্কালের প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা পাঁচ সিনেমার মধ্যে তিনটি সিনেমার নায়িকা এখন ক্যাটরিনা।
ফক্স স্টার টুইট করে জানায়, "#ব্যাংব্যাংমুভি হতে যাচ্ছে ক্যাটরিনা কাইফের ক্যারিয়ারে তৃতীয় সিনেমা, যা প্রথমদিনে বাজিমাত করা সেরা পাঁচ সিনেমার তালিকায় নাম লিখিয়েছে। তাকে অনেক অভিনন্দন!”
প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা পাঁচ সিনেমার তালিকায় প্রথম স্থানে রয়েছে 'ধুম থ্রি’, দ্বিতীয় 'চেন্নাই এক্সপ্রেস’, তৃতীয় 'এক থা টাইগার’, চতুর্থ 'সিংহাম রিটার্নস’ এবং ‘কিক'কে হটিয়ে পঞ্চম স্থানটি এখন 'ব্যাং ব্যাং’-এর দখলে।
একই দিনে মুক্তি পেয়েছে শাহিদ কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘হায়দার’। বড় বাজেটের এই সিনেমাটির সঙ্গে শক্ত প্রতিযোগিতা করতে হচ্ছে ‘ব্যাং ব্যাং’কে।
টম ক্রুজ এবং ক্যামেরন ডিয়াজ অভিনিত হলিউডি সিনেমা ‘নাইট অ্যান্ড ডে’র অনুষ্ঠানিক রিমেইক হলো ‘ব্যাং ব্যাং’। বিশ্বব্যাপী পাঁচ হাজার সিনেমাহলে মুক্তি পেয়েছে সিনেমাটি।
