২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিনেই একশ কোটি

হৃতিক রোশান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ব্যাং ব্যাং’ মুক্তির চার দিনের মাথাতেই বক্স-অফিস থেকে তুলে নিয়েছে একশ কোটিরও বেশি রুপি। ভারতের বাইরে আয়ের দিক থেকে এটি ছাড়িয়ে গেছে সালমান খান অভিনীত ‘কিক’-এর রেকর্ড।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 01:20 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

সিনেমাটির প্রযোজনা সংস্থা ফক্স স্টুডিওজ এই সাফল্যে মহাখুশি। টুইটারে তাদের পোস্ট, “ঘটনা ঘটে গেছে! #ব্যাংব্যাংমুভি সাড়ে চারদিনেই আয় করে নিয়েছে ১০০ কোটি রুপি।”

হৃতিক রোশান অভিনীত সিনেমাগুলির মধ্যে একশ কোটির ওপরে আয় করা তৃতীয় সিনেমা এটি। ওদিকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্য এটি চতুর্থ। সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দের জন্য অবশ্য অভিজ্ঞতাটি একেবারেই নতুন।

“আমি আনন্দিত। আমাদের সবার জন্য বিশাল এক অর্জন এটি। ‘ব্যাং ব্যাং’ সবাই, বিশেষ করে পরিবার নিয়ে হলে যাওয়া মানুষেরা পছন্দ করছে- এটা সত্যিই অসাধারণ। এটা পুরোপুরি একটি মশলাদার সিনেমা; আমরা এটি তৈরিই করেছি মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্য নিয়ে।” ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন সিদ্ধার্থ।

তিনি আরও বলেন, “আমি সিনেমা বানাই মানুষের বিনোদনের জন্য। রোজকার জীবনের চাপে আমাদের ভেতরে যত ক্লান্তি তৈরি হয়, সেসব যাতে এক নিমেষেই ভুলে যাওয়া যায়- সেজন্যই সিনেমা বানাই আমি। ‘ব্যাং ব্যাং’ সেদিক থেকে আপনার পয়সা উসুল করবে। দর্শকরা একারণেই সিনেমাটিকে এত পছন্দ করছে।”

ভারতের বাইরেও চুটিয়ে ব্যবসা করছে সিনেমাটি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সিনেমাটি অনেক জনপ্রিয়তা পাচ্ছে। কেবল মধ্যপ্রাচ্য থেকেই সিনেমাটি আয় করে নিয়েছে সাড়ে ১৪ কোটি রুপির বেশি। এই অঞ্চলে এর আগে একটি সিনেমাই এত ভালো ব্যবসা করেছে; আর তা হল ২০১৩ সালের সিনেমা ‘ধুম থ্রি’।

এর ফলে ভারতের বাইরের আয়ের দিক থেকে ‘ব্যাং ব্যাং’ ফেছনে ফেলতে সক্ষম হয়েছে চলতি বছর মুক্তি পাওয়া সালমান খানের সিনেমা ‘কিক’কেও।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া এবং পাকিস্তানে মুক্তি পাওয়া সিনেমাটি সব মিলিয়ে এ পযর্ন্ত আয় করেছে প্রায় ৪৫ কোটি রুপি। বছরের অন্যতম ব্লকবাস্টার হিট ‘কিক’-এর আয় যেখানে ছিল ৩৬ কোটি রুপি।