অর্ণবের ঈদ উপহার
ঈদে ভক্তদের নতুন গান উপহার দিলেন তরুণ সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
‘রেইন ড্যান্স’ শিরোনামের গানটির লিংক অর্ণব তার ফেইসবুক ফ্যান পেইজে পোস্ট করেন ৬ই অক্টোবর সন্ধ্যায়।
আর সঙ্গে লিখেছেন-- “ঈদ মোবারক... ধন্যবাদ সবাইকে... আমাকে সমর্থন দেওয়া এবং আমার প্রতি বিশ্বাস রাখায়। ছোট একটা উপহার সবার জন্য... আমার নতুন অ্যালবামের একটি সম্পূর্ণ গান... ভালোবাসা সবার জন্য!! উপভোগ করুন!!”
গানটি একই দিনে আপলোড করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম রিভার্বনেশন-এ অর্ণবের নতুন প্রোফাইলে।
রিভার্বনেশনের ধারা হিসেবে ‘রেইন ড্যান্স’ গানটি ইলেকট্রনিকা বা ইন্ডি ধাঁচের, গানের কথা ঈংরেজি ভাষার।
এর আগে ‘আলীবাবা- বৃষ্টি রাতে’ নামে আরও একটি যন্ত্রসংগীতের ট্র্র্যাক রিভার্বনেশনেই আপলোড করেন অর্ণব। ‘ফিফথ সলো’ নামে একটি ছবিও আপলোড করেছেন অ্যাকাউন্টে।
রিভার্বনেশনে আপলোড করা ‘ফিফথ সলো’ শিরোনামের ছবি।
অর্ণব এর আগে চারটি অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রের শীর্ষ সংগীত, আবহ সংগীত তৈরীসহ বেশ কয়েকটি প্লেব্যাকও করেছেন। আধুনিক যন্ত্রানুষঙ্গে তার গাওয়া একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছেন দুবছর আগে।
তার সংগীত পরিচালনা ও সুরে বিভিন্ন শিল্পীর অর্ধশতাধিক অ্যালবাম পাওয়া যায় বাজারে।
‘বাংলা’ নামের একটি ফিউশন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সংগীত জগতে পদাপর্ণ করেন অর্ণব। বেশ কয়েক বছর ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ নামে একটি ব্যান্ডের সঙ্গেই কাজ করছেন তিনি।
অর্ণবের চার একক অ্যালবাম-- ‘চাইনা ভাবিস’, ‘হোক কলরব’, ‘ডুব’, ‘রোদ বলেছে হবে’।
