“নিজের মনে হয় গানগুলোকে”: অর্ণব
“কেন মেঘ আসে হৃদয় আকাশে?" জনপ্রিয় রবীন্দ্রসংগীতের দ্বিতীয় চরণ থেকে গান ধরেছেন। সে গান জনপ্রিয় হয়েছে আরও। গায়ক, সংগীত নির্দেশক সায়ান চৌধুরী অর্ণবের গানে শ্রোতারা হয়ত চিরচেনা রবীন্দ্রনাথকেই নতুন করে পেয়েছেন। শুধু ‘অর্ণব’ নামেই বেশি পরিচিত এই শিল্পী নানা স্বাদের গান করে থাকেন। তাঁর পাঁচটি অ্যালবামের সর্বশেষটি রবীন্দ্রনাথের গান নিয়ে। বিশ্বভারতী থেকে চিত্রকলায় স্নাতক অর্ণব জানালেন তাঁর জীবনে রবীন্দ্রসংগীতের বিশেষ জায়গার কথা। বলেছেন, সমালোচনা থেকে ভালোটা নেওয়ারই চেষ্টা করেন।
বিশ্বকবি জন্মদিন উপলক্ষে গ্লিটজের পাঠকদের জন্য অর্ণবের সাক্ষাৎকার নিয়েছেন চিন্তামন তুষার।
গ্লিটজ: একসময় ঢাকার বন্ধুদের সঙ্গে ‘বাংলা’ ব্যান্ড, তারপর ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’-- অনেক ধাঁচের গানই করেছেন। কিন্তু রবীন্দ্রনাথের গানে বিশেষ করে ফিরে ফিরে আসা… সেটি কেন?
অর্ণব: গানগুলো শুনে বড় হয়েছি, নিজের কাছে ভালো লাগে, নিজের মনে হয় গানগুলোকে, অনেক স্মৃতিও জড়িয়ে আছে রবীন্দ্রসংগীতের সঙ্গে। বিশেষ কোনো উদ্দেশ্য থেকে এটি করছি না আমি।
গ্লিটজ: শান্তি নিকেতনে তো আপনি দীর্ঘদিন থেকেছেন …
অর্ণব: ১৭ বছর শান্তি নিকেতনে থেকেছি... সেখানকার আলো-বাতাসে। প্রতিদিন সকালের প্রার্থনা, রাতের আয়োজন, ঋতুভিত্তিক নানা অনুষ্ঠান, সাহিত্যসভা, নানা পরবে নানা গান গাওয়া হত সেখানে।
গ্লিটজ: তখনকার বিশেষ কোনো স্মৃতি?
অর্ণব: বিশেষ করে বন্ধুদের সঙ্গে আড্ডায় বা রাস্তায় হাঁটতে হাঁটতে বৈতালিক গান গাওয়া, প্রার্থনার সময় সবাই লাইন ধরে দাঁড়িয়ে প্রার্থনাসংগীত গাওয়ার স্মৃতিগুলো সবসময় মনে পড়ে। এসব স্মৃতিকে আলাদা করে উল্লেখ করতে পারি না। তবে সবসময়ই এর আমেজটা মনের মধ্যে থাকে। সেই অনুপ্রেরণা থেকেই রবীন্দ্রসংগীত গাওয়া।
গ্লিটজ: একটু অন্য প্রসঙ্গে আসি। রবীন্দ্রনাথের গানের কিছু বহুল চর্চিত প্রথা রয়েছে… স্বরলিপি, তাল-লয় কিংবা বাদ্যযন্ত্রের ব্যবহারে। আপনার গানে বাদ্যযন্ত্র নিয়ে নিরীক্ষার একটা দিক আছে।
অর্ণব: যে গানে যেটার ব্যাবহার সঠিক, আমি সেটাই ব্যবহার করি। আমার গানে কিন্তু দেশীয় যন্ত্রের ব্যবহার থাকে আবশ্যিকভাবে। যেমন, কীর্তন অঙ্গের গানে খোল, মন্দিরা প্রয়োজন হয়। আবার কোনো গানে এসরাজ, কোনোটাতে পিয়ানো শুনতে ভালো লাগে বা ব্যবহার করা বাঞ্ছনীয়।
গ্লিটজ: আর গায়কী?
অর্ণব: রবীন্দ্রনাথের গানে প্রথমে আসে সুর, এরপর বাণী, তৃতীয়ত গায়কী। এসব ঠিক করার পরে আপনাকে ভাবতে হবে যন্ত্র নিয়ে। তাই যন্ত্র নিয়ে আগে ভাবতে যাওয়াটা নেহাৎ বোকামি। আমি তাই গানের মূল বিষয়ের দিকেই মনোযোগী হয়েছি সবসময়।
গ্লিটজ: কিন্তু সমালোচকেরা, যাদের ভেতর গুণী শিল্পীরাও আছেন-- অনেক সময় বলে থাকেন আধুনিক গায়কেরা মূল বিষয়টি থেকে সরে এসেছেন। তারা ‘শুদ্ধতা’র একটা ধারণা থেকে এই সমালোচনা করেন।
অর্ণব: আমি তাঁদের বক্তব্য শুনি, ভালো-মন্দ বোঝার চেষ্টা করি। তাঁরা আমার চেয়ে অনেক সমৃদ্ধ ও অভিজ্ঞ। তাঁদের অভিজ্ঞতা থেকে অবশ্যই ভালো কিছুর জন্যই বক্তব্য দেবেন বা সমালোচনা করবেন। সেখান থেকে আমি ভালোটাকেই আমি গ্রহণ করতে আগ্রহী। এ পযর্ন্ত আমি নিরুৎসাহিত হওয়ার মতো কোনো বক্তব্য শুনিনি।
গ্লিটজ: বিশেষ কারও উৎসাহ…
অর্ণব: ব্যক্তিগতভাবেসবার কাছ থেকে আমি উৎসাহই পাচ্ছি। উপদেশ, পরামর্শও পেয়েছি নানাজনের কাছ থেকে। আমার গান নিয়ে কটু মন্তব্য এখনও শুনিনি।
