তিন নাটকে সজল-সুজানা
ঈদু-উল-আযহা উপলক্ষে নির্মিত তিনটি নাটকে অভিনয় করছেন সজল নূর ও সুজানা জাফর। নুজহাত আলভি আহমেদের সাত পর্বের নাটক ‘সিনথিয়া ও অ্যাঞ্জেল’, মোহন খানের পাঁচ পর্বের ‘মেঘবালিকা’ এবং শামীম শাহেদের ‘ইনানি রয়েল রিসোর্ট’ নাটকে দেখা যাবে তাদের।
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সিনথিয়া ও অ্যাঞ্জেল’ নাটকটি। এ নাটকে সিনথিয়া চরিত্রটি করছেন সুজানা। তিন বন্ধুর বন্ধুত্বকে ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার অধিকার আদায়ে শুরু হয় দ্বন্দ্ব।নাটকটি এশিয়ান টিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
বাংলাভিশনের জন্য নির্মিত ‘ইনানী রয়েল রিসোর্ট’ নাটকের গল্পে দেখা যাবে, দীর্ঘদিন পরে দেশে ফিরে নিজেকে মানিয়ে নিতে পারছেন না সুজানা। এক পর্যায়ে সজলের সঙ্গে পরিচয় হয় তার। মতবিরোধ থাকলেও দুজনে ভালো বন্ধু হয়ে ওঠে। বন্ধুত্ব একসময় প্রেমে গড়ায়।যদিও সুজানার বিয়ে ঠিক হয়ে আছে অন্য একটি ছেলের সঙ্গে।
এ তিনটি নাটক ছাড়াও সাজ্জাদ সুমনের একটি নাটকে অভিনয়ের কথা রয়েছে সুজানার। গ্লিটজকে বললেন, “আমি খুব বেছে বেছে কাজ করেছি। খুব বেশি নাটকে কাজ করার ইচ্ছা আমার নেই। আমি এমন কিছু চরিত্রে অভিনয় করতে চাই, যা দর্শকের কাছে সহজবোধ্য হয়।”
এদিকে সজল মোহন খানের পরিচালনায় আরেকটি ঈদের নাটক ‘ঘুমপাড়ানো জোনাকি’তে অভিনয় করছেন । নাটকে তিনি জুটি বেঁধেছেন মমর সঙ্গে।
