মিউজিক ভিডিওতে ফিরলেন সুজানা
দেড় বছর পর মিউজিক ভিডিওতে কাজ করছেন সুজানা।
মন মানে না’ গানের চিত্রায়ণে অংশগ্রহণের মাধ্যমে দেড় বছর পর মিউজিক ভিডিওতে ফিরলেন মডেল অভিনেত্রী সুজানা। ভিডিওটি পরিচালনা করছেন চন্দন রায়চৌধুরী এবং সুজানার সহশিল্পী হিসেবে কাজ করেছেন রনক। ‘মন মানে না’ শিরোনামের গানের শিল্পী ইমরান ও পূজা। গানটি ইমরানের একক অ্যালবাম ‘তুমি’র।
এ বিষয়ে সুজানা গ্লিটজকে বলেন, “আমি যখন ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ নাটকের শুটিং করছিলাম, ওই সময় আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। সংগীতশিল্পী হৃদয় খানের গান ‘আড়াল’-এর কাজও করেছিলাম ওই সময়েই। কিন্তু বাবার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাওয়ায় আমি আর কোনো কাজ করার সময় পাইনি।”
তিনি আরও বলেন, “প্রায় দেড় বছর কোনো কাজই করিনি। এরমধ্যে বাবা মারা গেলেন। এই তো কাজ শুরু করলাম মাত্র। কিছুদিন হল শুটিং করছি ধারাবাহিক ‘ভালোবাসার রংধনু’তে। ঈদের জন্য নির্মিতব্য একটা টেলিফিল্মে কাজের বিষয়েও কথা চলছে।”
ঈদ উপলক্ষে ফ্যাশন হাউজগুলোর জন্য ফটোশুটের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানালেন সুজানা।
সুজানা বলেন, “আমি মডেলিং নিয়ে থাকতে চাই। আর টেলিভিশনে কাজ করি করা ভালোলাগা থেকে। তবে সিনেমায় আমার একদমই আগ্রহ নেই।”
ইমরানের দ্বিতীয় একক অ্যালবাম ‘তুমি’। এর সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। একক অ্যালবাম হলেও গান ‘মন মানে না’য় আরও কণ্ঠ দিয়েছেন শিল্পী বাঁধন সরকার পূজা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।
এ বিষয়ে ইমরান বলেন, “সপ্তাহ খানেকের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে।”
