ধারাবাহিকে অনাগ্রহী সজল
ধারাবাহিক নাটকে অভিনয় করতে চান না অভিনেতা সজল নূর। দীর্ঘদিন ধরে একই চরিত্রে অভিনয় করাটা তার পছন্দের নয়। সেই সঙ্গে শিডিউল জটিলতা তো রয়েছেই।
গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে সজল বলেন, “বহুদিন ধরে আমি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছি না। একই গল্প, একই চরিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করা আমার মোটেই পছন্দের না।”
ধারবাহিক অপছন্দের ব্যাপারে সজলের যুক্তি, “আমি যে মাধ্যমেই অভিনয় করি, তখন পুরো মনোযোগ দিয়েই কাজটা করতে চাই। ধারাবাহিকে লম্বা সময় ধরে মনোযোগ ধরে রাখাটা আমার জন্য কষ্টের। ধারাবাহিকের গল্পও একসময় খেই হারিয়ে ফেলে। তখন সেসব নাটকে অভিনয় করতেও ভালো লাগে না।”
বরাবরের মতো এই ঈদেও অনেকগুলো নাটকে অভিনয় করছেন সজল। বেশকটি নাটকের শুটিংও শেষ করেছেন। নাটকগুলো হল ‘মিশন ইনানি– রয়েল রিলোড’, ‘ভরসা থাকুক চোখের পাতায়’, ‘ব্যাক গিয়ার’, ‘ঘুণপোকা’, ‘চিত্রাঙ্গদা’, ‘রিটার্ন ব্যাক’, ‘স্বপ্নের শুরু ও শেষ’, ‘শ্যামাকে ভালোবাসি’।
এছাড়া ‘ভরসা থাকুক চোখের পাতায়’ নাটকে অপি করিম এবং ‘ঘুণপোকা’ নাটকে সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে জুটি বেঁধেছেন সজল।
এর আগে ‘দেয়ালের ওপারে আকাশ’ নামের একটি টেলিফিল্মে অপি করিমের সঙ্গে এবং ‘তিলোত্তমা’ নাটকে মৌয়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
সহ-অভিনেত্রীদের প্রসঙ্গে সজলের মন্তব্য, “সিনিয়র বা জুনিয়র সব অভিনেত্রীর সঙ্গেই আমি মানিয়ে নিতে পারি খুব সহজে। সবার সঙ্গেই বন্ধুত্ব হয়ে যায় দ্রুত। গল্প ও চরিত্র নিয়ে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রতিটি চরিত্রকে তারা নিজের মতো করে দেখে, ভাবে। তাদের সে ভাবনার গল্পটি আমার সঙ্গে শেয়ার করে। সহ-অভিনেত্রীরা আমার চরিত্রকে কেমন দেখছে, সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। তাদের মন্তব্য আমার নিজেকে জানার সুযোগ করে দেয়। নিজেকে শোধরাতে পারি আমি।”
সিনেমাতেই স্থায়ী হচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে সজল বলেন, “এ সিনেমাটি মুক্তি পাওয়ার অপেক্ষায় আছি। সিনেমাটি মুক্তি পেলে দর্শক প্রতিক্রিয়া দেখব। দুটি সিনেমার ব্যাপারে কথাবার্তা চলছে। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি আমি।”
২০০১ সালে একুশে টেলিভিশনে ‘ভার্জিন তাগদুম তাগদুম’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়াযাত্রা শুরু করেছিলেন সজল। সজলের অভিনয় জীবন শুরুর নাটক ‘মুনিরা মফস্বলে’ এবং ‘ গ্রে স্কেল’। প্রথম ধারাবাহিক আফজাল হোসেনের ‘হীরাফুল’।
সজলের প্রথম সিনেমা ‘নিঝুম অরণ্যে’। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সিনেমাতে তার সহঅভিনেত্রী ছিলেন বাঁধন। সিনেমাটি ২০১০ সালে মুক্তি পায়।
