ঈদে ব্যস্ত কৌশিক
কোরবানি ঈদ উপলক্ষে নির্মাতা কৌশিক শঙ্কর দাশ এখন ভীষণ ব্যস্ত। তিনি নির্মাণ করেছেন ‘জোকার’, ‘শেষ থেকে শুরু’, ‘ভালোবাসার শুরু এখানে’ শিরোনামের তিনটি নাটক।
নির্মাতা কৌশিক গ্লিটজকে বলেন, “প্রতি ঈদে দর্শকদের ভিন্ন কিছু উপহার দিতে চেষ্টা করি। এ নাটকগুলোর গল্প ও চরিত্রে নতুনত্ব দেখবে দর্শক।”
জোকার নাটকের গল্পে দেখা যাবে, রাজা রায় ও অর্পা নামের দুই নাট্যকর্মী একে অপরকে ভালোবাসে। নাট্যদলে ভালো চরিত্রে সুযোগ না পাওয়া রাজাকে স্বপ্ন দেখায় অর্পা। অর্পাকে নিয়ে ভবিষ্যতের সুখস্বপ্ন রচনা করে রাজা। কিন্তু অর্পা একদিন তাকে কিছু না জানিয়ে পরিবারের পছন্দের ছেলেকে বিয়ে করে। রাগে, অভিমানে রাজা অভিনয় ছেড়ে দেয়।
তৌফিক নওয়াজের রচনায় এ নাটকে রাজা চরিত্রে আরফান নিশো ও অর্পা চরিত্রে জেনি রূপদান করেছেন। প্রচারিত হবে এনটিভিতে।
জিনাত হোসেন যুথীর রচনায় ‘শেষ থেকে শুরু’ নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনে। এতে অভিনয় করেছেন নোবেল, মিলা ও তানিয়া।
গীতালি হাসানের রচনায় ‘ভালোবাসার শুরু এখানে’ নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শায়লা সাবি। এ নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইতে।
