২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে র‌্যান্ডি ট্রাভিস

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন র‌্যান্ডি ট্রাভিস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 09:56 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

ভাইরাসের কারণে হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় কান্ট্রি গায়ক র‌্যান্ডি ট্রাভিস ৭ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছেন। কন্টাক্টমিউজিক জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

৭ জুলাই রোববার রাতে ডালাস হসপিটালে ভর্তি হন ট্রাভিস। পরবর্তীতে তার হৃদপিণ্ডে ভাইরাসজনিত রোগ ‘কার্ডিওমায়োপ্যাথি’ ধরা পড়ে।

এ বিষয়ে ট্রাভিসের মুখপাত্র এর চাইতে বেশি কিছু জানাননি। তবে কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, এ ধরনের রোগের ক্ষেত্রে অস্ত্রোপচার করার প্রয়োজন পড়ে। কারণ ভাইরাসের সংক্রমণের ফলে হৃদপিণ্ডের পেশীগুলো দুর্বল হয়ে যায় এবং রক্তসঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে।

৫৪ বছর বয়সী এই গায়ক এতদিন ট্যুরে ব্যস্ত ছিলেন এবং অসুস্থ হওয়ার আগে জুনের ২৮ এবং ২৯ তারিখে তিনি পারফর্ম করেন। ১০ জুলাই আমেরিকার সাউথ ডাকোটায় পারফর্ম করার কথা ছিল তার ।

মদ্যপান করে গাড়ি চালানোর অপরাধে বেশ কয়েকবার কারাগারে গিয়েছেন ট্রাভিস। গত বছর একমাস রিহ্যাবে কাটিয়েছিলেন তিনি।

কান্ট্রি গায়ক ট্রাভিস এ পর্যন্ত ৭টি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। ১০টি একাডেমি অফ কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডস এবং ১০টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।