‘মনপুরা’র পর ‘বিশ্বসুন্দরী’র জন্য পুরস্কার নিলেন অঞ্জন চৌধুরী
২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘মনপুরা’ সেরা সিনেমার পুরস্কার পেয়েছিল, প্রযোজক ছিলেন অঞ্জন চৌধুরী পিন্টু; তার এক যুগ পর ‘বিশ্বসুন্দরীর’র জন্যও সেরা চলচ্চিত্রের পুরস্কার নিলেন তিনি।
বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’ বিতরণের আয়োজনে সেরা সিনেমা বিশ্বসুন্দরীর পুরস্কার নেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। তার পক্ষে প্রযোজক অঞ্জন চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
‘বিশ্বসুন্দরী’র সঙ্গে যুগ্মভাবে এবার সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘গোর’; মোট ৮ বিভাগে পুরস্কার পেয়েছে ‘বিশ্বসুন্দরী’।
সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে সেরা অভিনেতা সিয়াম আহমেদ, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা ফজলুর রহমান বাবু, গীতিকার কবির বকুল, সুরকার ও গায়ক ইমরান মাহমুদুল, গায়িকা দিলশাদ নাহার কনা ও প্রয়াত নৃত্য পরিচালক সুমন রহমানকে ভূষিত করা হয়েছে।
অঞ্জন চৌধুরীর প্রযোজনায় একজন বীরঙ্গনা নারীর গল্পে ‘বিশ্বসুন্দরী’ পরিচালনা করেন চয়নিকা চৌধুরী। চিত্রনাট্য লেখেন চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান।
২০২০ সালের ১১ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস্সহ বেশ কয়েকটি সিনেপ্লেক্সে ১৬ সপ্তাহ ধরে প্রদর্শিত হয়েছে।
এর আগে ‘মনপুরা’ সিনেমা ৬টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।
এর আগে ২০০১ সালে অঞ্জন চৌধুরীর প্রযোজনায় তানভীর মোকাম্মেল পরিচালিত ছবি ‘লালসালু’ ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।
তানভীর মোকাম্মেলের ‘লালন’ প্রযোজনা করেন অঞ্জন; যেটি একটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
আবু সাইয়ীদ পরিচালিত ‘শঙ্খনাদ’-এর সঙ্গেও যুক্ত ছিলেন প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। ছবিটি দুই শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
২০০৫ সালে প্রয়াত তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত ‘অন্তর্যাত্রা’ ছবিটিরও বাংলাদেশ অংশের স্বত্ব ক্রয় করেছিলেন অঞ্জন চৌধুরী পিন্টু।
প্রয়াত চিত্রনায়িকা সারাহ বেগম কবরী’র প্রথম চলচ্চিত্র ‘আয়না’ প্রযোজনা করেছেন তিনি।
