অভিনেতা হব, চিন্তাও করিনি: রাইসুল ইসলাম আসাদ
অভিনয়ের পাঁচ দশক পেরিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পাওয়ার পর অভিনেতা রাইসুল ইসলাম আসাদ বললেন, অভিনেতা হওয়ার কোনো স্বপ্ন ছিল না তার; একাত্তরে যুদ্ধ শেষে দেশে ফেরার পর ‘জোর-জবরদস্তি’ করে তাকে অভিনেতা বানিয়ে দেওয়া হয়েছিল।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’-এর পুরস্কার বিতরণী আয়োজনে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করেছে সরকার।
সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে মঞ্চে এসে বীর মুক্তিযোদ্ধা আসাদ বলেন, “আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি, আজীবন সম্মাননায় সম্মানিত হচ্ছি কারণ একাত্তর সালে দেশটা স্বাধীন হয়েছিল যার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে বাংলাদেশ হত না। আমিও আজকে এই অভিনেতা হতে পারতাম না।”
একাত্তরে মুক্তিযুদ্ধ থেকে ফেরার পরের বছর ১৯৭২ সালে মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন আসাদ; পরের বছর বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।
“ত্রিশ লক্ষ শহিদ ও তিন লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর বেদনা ও ঋণ বহন করা যুদ্ধফেরত আসাদকে জোর-জবরদস্তি করে অভিনেতা বানিয়ে দেওয়া হলো, যার স্বপ্ন সে কোনোদিন দেখেনি, চিন্তাও করেনি।
“৭২ এ মঞ্চ, টেলিভিশন, বেতার, ৭৩ এ চলচ্চিত্র, দেখতে দেখতে ৫০ বছর পার। যারা ঠেলা- ধাক্কা দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।”
অভিনয়শিল্পী হওয়ার পেছনে সহযোদ্ধা, সংবাদ পাঠক ও আবৃত্তিকার সোহেল সামাদকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করলেন আসাদ।
তিনি জানান, একাত্তরের ডিসেম্বরে বিজয়ের পর ঢাকায় এক সাংস্কৃতিক আয়োজনে অনেকটা জোর করে তার কণ্ঠ ব্যবহার করেছিলেন সোহেল। সেই শুরুর পর আজও সংস্কৃতি অঙ্গনে পথচলা অব্যাহত রেখেছেন তিনি।
তাকে আজীবন সম্মাননায় ভূষিত করায় বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানান ‘ঘুড্ডি’ ‘লাল সালু’ চলচ্চিত্রের অভিনেতা।
এরপর নাট্যাচার্য সেলিম আল দীন রচিত 'চর কাঁকড়ার ডকুমেন্টারি' নাটক থেকে সংলাপ পাঠ করেন তিনি।
বক্তব্যে শেষে আসাদ বলে উঠেন, ‘জয় বাংলা, জয় জননেত্রী শেখ হাসিনা, জয় বাংলা’। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলে উঠেন ‘জয় বাংলা’।
রাইসুল ইসলাম আসাদের সঙ্গে এবার আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী আনোয়ারা বেগম। তিনি অসুস্থ থাকায় তার পক্ষে মেয়ে মুক্তি পুরস্কার গ্রহণ করেন।
গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য মোট ২৭ বিভাগে ৩২ জনকে চলচ্চিত্র পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। বুধবার তাদের পুরস্কারে ভূষিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন।
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা রাইসুল ইসলাম আসাদের জন্ম ১৯৫৪ সালের ১৫ জুলাই; ঢাকার পুরানা পল্টনে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
তার পিতার নাম আখতারুজ্জামান ও মায়ের নাম রয়িসা খাতুন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে ‘আমি রাজা হব না’ ও সর্প বিষয়ক গল্প’ নামে দুটি মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন।
১৯৭৩ সালে ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। দীর্ঘ ক্যারিয়ারে ৬০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে ‘ঘুড্ডি’, ‘সুরুজ মিয়া’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্য জীবন’, ‘লাল দরজা’, ‘দুখাই’, ‘কিত্তনখোলা’, ‘উত্তরা’, ‘লালসালু’, ‘মনের মানুষ’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘আমার বন্ধু রাশেদ’-এর মতো দর্শকনন্দিত সিনেমা রয়েছে।
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন, মঞ্চ ও বাংলাদেশ বেতারে অভিনয় করেছেন তিনি। এর আগে ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
এর মধ্যে ১৯৯৩ সালে ‘পদ্মানদীর মাঝি’, ১৯৯৫ সালে ‘অন্যজীবন’, ১৯৯৭ সালে ‘দুখাই’ ও ২০০১ সালে ‘লালসালু’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান।
২০০৬ সালে ‘ঘানি’ ও ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ সিনেমার জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।
২০২১ সালে শিল্পকলায় একুশে পদক পেয়েছেন তিনি। ভারতের আনন্দলোক পুরস্কারসহ বিদেশের বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
