২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফডিসিতে আজিজুর রহমানকে শেষ বিদায়

দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে কফিনবন্দি হয়ে শেষ বারের মতো এলেন ‘ছুটির ঘণ্টা’ চলচ্চিত্রের নির্মাতা আজিজুর রহমান; ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে শেষ বিদায় জানালেন প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পীসহ চলচ্চিত্র অঙ্গনের নানা পেশার মানুষ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 11:10 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

রোববার বিকালে কানাডার টরন্টো থেকে আজিজুর রহমানের মরদেহ ঢাকায় আনার পর রাত ৮টার দিকে এফডিসি প্রাঙ্গনে নেওয়া হয়; এশার নামাজের পর তার জানাজা হয়।

জানাজায় তার ছেলে সাইদুর রহমান তার বাবার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।                             

দীর্ঘদিনের সহকর্মী পরিচালক মনতাজুর রহমান আকবর তাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

দীর্ঘ ক্যারিয়ারে ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘জনতা এক্সপ্রেস’র মতো দর্শকপ্রিয় সিনেমা নির্মাণ করলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি আজিজুর রহমান।

তার শেষ বিদায়ের মঞ্চে এসে পরিচালক মতিন রহমান অশ্রুসিক্ত চোখে বলেন, “আমাদের শিক্ষক আজিজুর রহমানকে এতো মানুষ ভালোবাসেন সেটি দেখে আমি আনন্দ পাচ্ছি। আমাকে পরিচালক হিসেবে তৈরি করেছেন তিনি।”

মামা আজিজুর রহমানের হাত ধরেই আশির দশকে চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান মতিন রহমান; পরবর্তীতে ১৯৯২ সালে ‘অন্ধ বিশ্বাস’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মতিন রহমান।

“আমার ঘরে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার আছে। সেটি যখনই দেখি তখন আমাকে নানা প্রশ্ন বিদ্ধ করে, হৃদয়কে রক্তাক্ত করে। মনে হয়েছে, পুরস্কারটা পেয়ে আমি ছোট হয়েছি, অপমানিত হয়েছি। আজিজুর রহমানের ‘ছুটির ঘণ্টা’, ‘মাটির ঘর’, ‘অশিক্ষিত’, ‘জনতা এক্সপ্রেস’ নিয়ে দর্শকরাই মূল্যায়ন করবেন। জাতীয় স্বীকৃতি নাইবা পেল, আপনাদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।”

আজিজুর রহমানের সহকারী পরিচালক হিসেবে ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’ ও ‘ছুটির ঘণ্টা’সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন মতিন রহমান।

আক্ষেপের সুরে তিনি বলেন, “তার সঙ্গে আমার শেষ বার যখন কথা হয়েছিল, তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘এইবার কারা পুরস্কার পাচ্ছেন’। এই সংলাপটা কেন উনি বলেছিলেন সেটা আমার জানা নাই। হয়তো উত্তর খুঁজতে চেয়েছেন। উনি নিজের কোনো কথায় বলেন না।”

হৃদরোগে আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান আজিজুর রহমান।

এফডিসিতে তার জানাজা শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের তরফ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, “তার প্রতি কোনো মানুষের কষ্ট আছে এমন কোনো মানুষ এফডিসিতে পাবেন না। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। আমি তার দুইটা সিনেমায় কাজ করেছি। তার শূন্যতা পূরণ হবার নয়।”

‘ছুটির ঘণ্টা’ নির্মাতা আজিজুরের মরদেহ আসছে রোববার  

জীবন থেকে ছুটি নিলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতা আজিজুর রহমান  

ছুটির ঘণ্টা: সত্য ঘটনা নিয়ে সিনেমাটি যেভাবে হয়েছিল  

আজিজুর রহমানের স্ত্রী ও দুই সন্তান এসেছিলেন এফডিসিতে।

তার মেয়ে আলিয়া রহমান বিন্দি বলেন, “বাবা শেষ জন্মদিনে বলেছেন, ‘এটাই আমার শেষ বার্থ ডে। সুন্দর করে সবকিছু সাজাও।’ বাবা শিশুদের মতো আচরণ করতেন। কানাডায় থাকতে দেশে আসার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। উনি বলতেন, ‘আমি এফডিসিতে যাব। আমার দেশে যেতে হবে।’ আমার আফসোস হচ্ছে, কেন কানাডায় বাবাকে নিয়ে গেলাম।”

আজিজুর রহমানকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন পরিচালক কাজী হায়াৎ, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, দেলোয়ার জাহান ঝন্টু, বাপ্পারাজ, সম্রাট, সাইমনসহ আরও অনেকে।

কানাডার টরন্টোর স্কারবোরোতে ইসলামিক ফাউন্ডেশনে আজিজুর রহমানের প্রথম জানাজা হয়েছে। এফডিসিতে জানাজা শেষে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে তৃতীয় জানাজা হবে।

সোমবার সকালে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে জন্মস্থান বগুড়ার সান্তাহারে নেওয়া হবে।

তার শেষ ইচ্ছা অনুযায়ী সান্তাহারে তার মা আবেজান বেগমের কবরের পাশে তাকে দাফন করা হবে।