‘ছুটির ঘণ্টা’ নির্মাতা আজিজুরের মরদেহ আসছে রোববার
কানাডায় মারা যাওয়া ‘ছুটির ঘণ্টা’ চলচ্চিত্রের নির্মাতা আজিজুর রহমানের মরদেহ রোববার ঢাকায় আনা হবে।
হৃদরোগে আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান মানুষের হৃদয়ে নাড়া দেওয়া ওই চলচ্চিত্রের নির্মাতা।
তার মেয়ে আলিয়া রহমান বিন্দি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর সোয়া ১টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বাবার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
“সেখান থেকে অ্যাম্বুলেন্সে বাবাকে এফডিসিতে নেওয়া হবে। আসরের পর সেখানে দ্বিতীয় জানাজা হবে।”
তিনি জানান, কানাডার টরন্টোর স্কারবোরোতে ইসলামিক ফাউন্ডেশনে প্রথম জানাজা হয়েছে। এফডিসিতে জানাজা শেষে এশার নামাজের পর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে তৃতীয় জানাজা হবে।
পরদিন সোমবার সকালে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে জন্মস্থান বগুড়ার সান্তাহারে নেওয়া হবে।
“বাবার শেষ ইচ্ছা অনুযায়ী সান্তাহারে দাদী আবেজান বেগমের কবরের পাশে তাকে দাফন করা হবে।”
১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’ নির্মাণ করে খ্যাতি পেয়েছেন আজিজুর রহমান। লম্বা ছুটি ঘোষণার পর একটি স্কুলের টয়লেটে এক ছাত্রের আটকে থেকে মৃত্যুর ঘটনা নিয়ে সেই সিনেমা কাঁদিয়েছিল বহু মানুষকে।
ছুটির ঘণ্টা ছাড়াও আজিজুর রহমানের তৈরি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’।
