মন্টু পাইলট: শোলাঙ্কির বদলে মিথিলা?
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ এর দ্বিতীয় সিজনে টালিগঞ্জের অভিনেত্রী শোলাঙ্কি রায়ের বদলে ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নেওয়ার খবর এসেছে ভারতীয় গণমাধ্যমে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, টালিগঞ্জের পরিচালক দেবালয় ভট্টাচার্যের আলোচিত এ সিরিজ থেকে শোলাঙ্কি সরে দাঁড়ানোয় তার চরিত্রে মিথিলাকে নেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তরফ থেকে হইচইয়ের মুখপাত্র সালাঙ্কারা বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
ছবি: ফেইসবুক থেকে।
নতুন সিজনেও কেন্দ্রীয় চরিত্রে সৌরভই থাকছেন; শোলাঙ্কির চরিত্রে অভিনয়ের প্রস্তাব কৌশানী, দেবলীনা চট্টোপাধ্যায়সহ কয়েকজন অভিনয়শিল্পী ফিরিয়ে দিলেও মিথিলা তাতে রাজি হয়েছেন বলে হিন্দুস্তান টাইমসের খবর।
এর আগে রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘আ রিভার ইন হ্যাভেন’ ও রাজর্ষি দে’র পরিচালনায় ‘মায়া’ সিনেমায় কাজ করেছেন মিথিলা।
বাংলাদেশে অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ নামে একটি সিনেমার দৃশ্যধারণ শেষ করেছেন তিনি; সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।
২০১৯ সালের ডিসেম্বরে নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছেন মিথিলা। সৃজিত আর আইরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেসনে আছেন।
