কোভিডে মাকে হারালেন চিত্রনায়ক জায়েদ খান
চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের মা শাহিদা হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে জানান এ চিত্রনায়ক। শাহিদা হকের বয়স হয়েছিল ৭৫ বছর।
করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে; দীর্ঘদিন ধরেই তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন।
বছর খানেক আগে জায়েদ খানের বাবা এম এ হক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
এক ফেইসবুক পোস্টে জায়েদ খান লিখেছেন, “একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করব। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।”
সোমবার জোহরের পর ঢাকার মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে জানাজা শেষে শাহিদা বেগমের মরদেহ পিরোজপুর মঠবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাকে দাফন করা হবে।
এম এ হক-শাহিদা দম্পতির চার সন্তানের মধ্যে বড় ছেলে শহীদুল হক পুলিশ কর্মকর্তা, মেজো ছেলে ওবায়দুল হক আইনজীবী, একমাত্র মেয়ে শিরিন আক্তার একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপক এবং ছোট ছেলে জায়েদ খান চলচ্চিত্র অভিনেতা।
