২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে শেষে ক্যাটরিনা অভিনয়ে ফিরছেন সালমানের সঙ্গে

ভিকি কৌশালকে জীবনের সঙ্গী করার আনুষ্ঠানিক পাঠ চুকিয়েছেন ক্যাটরিনা কাইফ; এরপর আবার অভিনয়ে ফিরছেন তিনি, আর এই সিনেমা তার আগের প্রেমিক সালমান খানের সঙ্গে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 12:45 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

রাজস্থানের এক প্রাসাদে জমকালো এক আয়োজনে গত ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন বলিউড তারকা ক্যাটরিনা ও ভিকি। এরপর দুজনেই ফিরেছেন মুম্বাইয়ে।

ভিকি ইতোমধ্যে কাজে ফিরেছেন, পাপারাজ্জিদের ক্যামেরা সামনে তার হাসিমুখও দেখা গেছে।

ভিকির জন্য সুজির হালুয়া বানিয়ে তার আবার জানান দেওয়া নতুন বউ ক্যাটরিনাও অভিনয়ে ফিরছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতের সংবাদপত্রটি জানিয়েছে, আগামী জানুয়ারির মাঝামাঝিতে টাইগার-থ্রি এর শুটিংয়ে যোগ দেবেন ক্যাটরিনা। এই সিনেমায় ক্যাটরিনার বিপরীতে রয়েছেন সালমান খান। 

সালমান-ক্যাটরিনার ১৫ দিনের শুটিংসূচি ইতোমধ্যে চূড়ান্ত হওয়ার খবর মিলেছে। শুটিংয়ের বড় অংশ হবে নয়া দিল্লিতে। আর এজন্য কড়া নিরাপত্তার বন্দেোবস্তও করা হয়েছে।

যুক্তরাজ্য থেকে এসে ছোটখাটো সিনেমা দিয়ে বলিউডে পা রাখা ক্যাটরিনার ভিত্তিটা মজবুত হয় সালমান খানের হাত ধরেই। তখন তাদের প্রেমের গুঞ্জন বেশ চর্চিত বিষয় ছিল বলিউডে।

সালমান খানের পর রনবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা, সেখানে বিচ্ছেদের পর ভিকির সঙ্গে তার প্রেমই পরিণয়ে গড়াল।

সাত পাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা-ভিকি

ক্যাটরিনার বিয়ের ক্ষণে সৌদি আরব গেলেন সালমান খান