২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একা ও পরীমনির বিষয়ে বৈঠকে বসছে শিল্পী সমিতি

গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেপ্তার এক সময়ের চিত্রনায়িকা সিমন হাসান একা এবং হালের শীর্ষ নায়িকা পরীমনির বিরুদ্ধে সাংগঠনিকভাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে- তা নির্ধারণ করতে বৈঠকে বসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 01:46 AM

Updated : 10 Oct 2022, 06:10 PM

রাজধানীর রামপুরা থেকে একা গ্রেপ্তার হওয়ার পাঁচ দিনের মাথায় গত বুধবার পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। গ্রেপ্তার করার পর মাদক আইনের মামলায় তাকে ইতোমধ্যে রিমান্ডেও পাঠানো হয়েছে।

শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান শুক্রবার সাংবাদিকদের বলেন, “দুয়েকজন শিল্পীর জন্য যদি শিল্পী সমাজের সুনাম নষ্ট হয়, তাহলে সেটা মেনে নেব না।

শনিবার বিকাল ৩টায় কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছি। একার পর পরীমনির এই অবস্থা। যেহেতু তারা আমাদের সদস্য, ফলে আমাদের দায়ভার আছে। আমরা এ ব্যাপারে সোহেল রানা, উজ্জ্বল, আলমগীর ভাইদের সঙ্গে কথা বলেছি। বৈঠক শেষে আমরা জানিয়ে দেব, আমরা কী ব্যবস্থা নিচ্ছি।”

শিল্পীদের ‘অপকর্মের’ দায় সমিতি ‘নেবে না’ জানিয়ে জায়েদ খান বলেন, “শিল্পীরা সমাজের আইডল হবে; তারা কাজ করবে, সবাই দেখবে। তারাই যদি অপকর্মে জড়িয়ে যায়, তাহলে তার দায়ভার সেই শিল্পীরই।

দুয়েকজনের জন্য সব শিল্পীকে খারাপ ভাবা কাম্য নয়: জায়েদ খান

রিমান্ড-জামিন দুটোই নাকচ, চিত্রনায়িকা একা কারাগারে

পরীমনি এবার পুলিশ রিমান্ডে  

“আমি দিন শেষে অভিনয় দিয়ে, ভালোবাসা দিয়ে দর্শকদের মন জয় করব। আমরা কবরী আপা, রাজ্জাক ভাই, ববিতা আপাকে দেখেছি। কোনো শিল্পী যদি আর্থিক লোভে খারাপ কাজে জড়িয়ে যায়, তাহলে সেই দায়ভার তার।”

একা বা পরীমনির বিরুদ্ধে কোনো অভিযোগ পেয়েছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে শিল্পী সমিতির এ নেতা বলেন, “তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিতাম।”

একজন শিল্পীর কেমন হওয়া উচিত, নিজের ব্ক্তব্যে তার উদাহরণও দিয়েছেন জায়েদ খান।

“এফডিসি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৈরি। রাজ্জাক, ফারুক, সোহেল রানা ভাইরা মিলে শিল্পী সমিতি গঠন করেছিলেন। শিল্পীরা থাকবেন লুকায়িত। শিল্পীকে মানুষ আইডল মনে করবে, যার ছবি মানুষের ম্যানিব্যাগে থাকবে, যার ছবি বাসায় রাখবে।”

নব্বইয়ের দশকের শেষভাগে চলচ্চিত্রে নাম লেখানো একা ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে গত প্রায় এক দশক ধরে তাকে আর সিনেমায় দেখা যায়নি।

আর ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে অভিষেকের পর পরীমনিও ৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।