জামিনে মুক্ত রিয়া চক্রবর্তী
জেলে থাকার সময় মানসিক চাপ সামলাতে যোগ-ব্যায়াম করতেন রিয়া।
মাদককাণ্ডের কারণে ২৮ দিন হাজতবাসের পর জামিনে মুক্তি পেছেন ভারতীয় অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে মাদককাণ্ডে গ্রেপ্তার করেছিল ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
বৃহস্পতিবার মুম্বাইয়ের উচ্চ আদালত রিয়ার জামিন মঞ্জুর করার পর ভারতীয় টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় তার আইনজীবী সতীশ মানেশিন্ডে জানায়, মানসিক চাপ কমাতে রিয়া বাইকুল্লা জেলে যোগ-ব্যায়াম করতেন।
মানেশিন্ডে বলেন, “প্রচণ্ড মানসিক চাপ সামলিয়ে রিয়া হাজতবাসে ভালো থাকার চেষ্টা করেছেন। নিজে যেমন যোগ ব্যায়াম করতেন তেমনি অন্যান্য বন্দিদেরও শেখাতেন।”
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্য নিয়ে সিবিআই, ইডি, এনসিবি-র মতো তিনটি তদন্তকারী সংস্থা তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে। তারপর জেল হয়।
এদিকে সুশান্তের প্রাক্তন ব্যক্তিগত সহকারী দিশা সেলিয়ানের অস্বাভাবিক মৃত্যুর সিবিআই’য়ের তদন্তের আর্জির ব্যাপারে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত মামলাকারীদের মুম্বাইয়ের উচ্চ আদালতে যেতে বলে।
এই বিষয়ে ভারতীয় গণমাধ্যমে আইনজীবী বিনিতা ধান্দা বলেন, “দিশা ও সুশান্তের মৃত্যুর মধ্যে যোগসূত্র রয়েছে। মুম্বাই পুলিশ এই বিষয়ে কী তদন্ত করছে সে বিষয়ে বিবরণী পেশ করতে উচ্চ আদালতে আর্জি জানানো হয়েছে।”
১২ অক্টোবর পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত করা হয়েছে।
তবে রিয়ার মাদকাণ্ডের জন্য দ্বিতীয়বারের মতো করা ‘এফআইআর’য়ের জন্য তাকে আর গ্রেফতার করা হবে না বলে জানিয়েছে এনসিবি। রিয়ার জামিন-বিষয়ে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আর্জি করবে কি-না সেই বিষয়েও তথ্য দেয়নি তারা।
তবে তদন্তকারী সংস্থার সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম জানায়, রায়ের কপি ভালো মতো দেখে তারপর সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেবে এই সংস্থা।
