ভূপেন হাজারিকা: আমাদের পল রবসন
শিল্পী দেহান্তরী হন, থেকে যায় তার কর্ম। তাই শিল্পীরা বেঁচে থাকেন শিল্পে, গল্পে আর স্মৃতির জানালায়।
ভূপেন হাজারিকা শুধু শিল্পী নন, তিনি প্রতিবাদের সুর, বিদ্রোহের ছন্দ এবং বাংলার শব্দ-লয়ের যোদ্ধা। তাকে নিয়ে এবার লিখলেন আরাফাত শান্ত।
আসামের এনআরসি ও ১৯ লাখ মানুষের হুট করেই রাষ্ট্র হীন হবার ঝুঁকির সময় নিয়ে ভাবতে গেলেই মাথায় চলে আসে বিখ্যাত শিল্পী ও সুরকার ভূপেন হাজারিকার নাম। ভূপেন হাজারিকা বেঁচে থাকলে কি করতেন। শেষ বয়সে তিনি বিজেপিতে যোগদান করে অনেকের আস্থা হারিয়ে ফেলেছিলেন।
চলে যাবার পরেও অনেকের কাছে তার বিজেপির যোগদান নিয়ে হতাশা গোপন ছিল না। কিন্তু এখন ভারতীয় মিডিয়ার সব দিকের লোকজনই যে ধরনের বিজেপি বান্ধব, তাতে ভূপেন হাজারিকার বিজেপি করাটা অতি সাধারণ এক ব্যাপার। আমরা নিশ্চিত ভাবে বলতে তিনি এইসব এনআরসি কিছুতেই মেনে নিতেন না, তা তিনি যতই বিজেপি করুক না কেন। ২০১৯ সালে তাঁকে যখন 'ভারত রত্ন’ দেয়া হলো তাঁর পরিবার পুরস্কার প্রত্যাখান না করলেও সাধুবাদ জানিয়ে বিবৃতি দেননি।
বরং আসাম ও কেন্দ্র সরকারের উদ্দেশ্যে বলেছিলেন, 'এরকম গণ বিরোধী এনআরসি আমার বাবা কখনোই মেনে নিতেন না। সরকার যেভাবে তাঁর বাবার বিভিন্ন আসামিজ গানের কথাকে এই উদ্দেশ্যে ব্যবহার করেছে তাতে তারা হতাশ।'
ভূপেন হাজারিকা ছিলেন আজীবন ভিন্ন ধাঁচে গড়া মানুষ।
পুলক বন্দোপাধ্যায়ের বই, 'কথায় কথায় রাত হয়ে যায়' তে একটা ঘটনা আছে। তাতে দেখা যায়, লতা মুঙ্গেশকারের মত বিখ্যাত শিল্পীর সাথে কাজ করার সময়ও তিনি নিজের স্বকীয়তায় সামান্য ছাড় দেননি। এটাই মূলত ভুপেন হাজারিকা। কিশোর বয়স থেকেই তিনি গান গাইছেন, সুর করছেন, লিখছেন, পড়াশোনায় ভালো, খেলাধুলোয় ভালো। আদর্শ স্কুল ছাত্রের যেমন জীবন হয়। তারপর গুয়াহাটির কটন কলেজ থেকে ইন্টারমিডিয়েট আর্টস, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৪ সালে বি.এ. এবং ১৯৪৬ সালে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. পাস করেন। ১৯৫২ সালে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল "প্রাপ্তবয়স্কদের শিক্ষায় শ্রবণ-দর্শন পদ্ধতি ব্যবহার করে ভারতের মৌলিক শিক্ষাপদ্ধতি প্রস্তুতি-সংক্রান্ত প্রস্তাব"। এত পড়াশোনা আর কাজের ভেতরেও তিনি গান লেখা আর সুর করাটা ছাড়েননি।
তাঁর রচিত গানগুলি ছিল কাব্যময়। গানের উপমাগুলো তিনি প্রণয়-সংক্রান্ত, সামাজিক বা রাজনৈতিক বিষয় থেকে তুলে আনতেন। তিনি আধুনিকতার ছোঁয়া দিয়ে লোকসঙ্গীত গাইতেন। গানের মাধ্যমেই তাঁর ছিল সমাজের প্রতি দায়িত্ববোধ ও মেহনতি মানুষদের জন্য ভালোবাসার প্রকাশ। আধুনিক গান, সিনেমার গান, অসম ভাষায় গান, বাংলা গান, ইংরেজি হিন্দি কত কিছু নিয়ে তিনি কাজ করেছেন। তাঁর বেশির ভাগ জনপ্রিয় বাংলা গানই, অসমী ভাষার গানের বাংলা। তিনি সেই দুর্লভ প্রজাতির শিল্পী যারা নিজের কথায় ও গান নিজের সুরে গাইতেই পছন্দ করতো। অসম ভাষায় দেশের গান মানেই তাঁর গান। তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বাংলা গানের জন্যই। 'আমি এক যাযাবর' ,'মানুষ মানুষের জন্য', 'বিস্তীর্ণ দু পারে', 'গঙ্গা আমার মা', আর কত ধরনের গান তিনি গেয়েছেন। বাংলা গানের জন্যই তিনি দুই বাংলাতে তুমুল জনপ্রিয়। বাংলাদেশের অন্যতম সেরা প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক আলমগীর কবীরের বিখ্যাত সিনেমা 'সীমানা পেরিয়ে'তেও তিনি সংগীত পরিচালনা করেছেন। শিল্পী আবিদা সুলতানাকে নিয়ে যখন পরিচালক কলকাতায় যান তখন এরকম কিশোরী দেখে তিনি হতাশ হয়েছিলেন। তবে গানটি অন্য কাউকে দিয়ে গাওয়ানোর আর চিন্তা করেননি। আবিদা সুলতানাকে নাকি বলেছিলেন, 'গানটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, তাহলেই গাইতে পারবে।' আবিদা সুলতানা মাত্র দুইবার চেষ্টাতেই স্টুডিও রেকর্ডে গেয়ে ফেললেন বিখ্যাত গান, 'বিমূর্ত এই রাত্রি আমার'। এরকম গান বাংলাদেশের সিনেমায় খুব কমই এসেছে।
মিউজিকে বিশেষ অবদান রাখায় পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মশ্রী, অসম সরকারের শঙ্কর দেব পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী হিসেবে পেয়েছেন অল ইন্ডিয়া ক্রিটিক অ্যাসোসিয়েশন পুরস্কার। এ ছাড়া জাপানে এশিয়া প্যাসিফিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'রুদালী' ছবির শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম ভারতীয় হিসেবে এ পুরস্কার পান। এ ছাড়া পেয়েছেন পদ্মভূষণ, অসম রত্ন, ভারতরত্ন -এর মতো তাৎপর্যবহ পুরস্কার। শিল্পীকে বড় সম্মান দিয়েছিল তার জন্মভূমি, সেই প্রমাণ হলো আসাম রাজ্যের রাজধানী গৌহাটি শহরে ভূপেন হাজারিকার ভাস্কর্য স্থাপন। ২০০৯ সালে এর আনুষ্ঠানিক উদ্বোধন তিনি নিজেই করেছিলেন।
ভূপেন হাজারিকার ব্যাক্তি মানস বুঝতে হলে আসলে আমাদের পড়তে হবে বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, কল্পনা লাজমির বই-- 'ভূপেন হাজারিকাঃ এস আই নো হিম'। বইটিতে লেখা আছে- কিভাবে ১৭ বছরের কল্পনা লাজমি বয়সে যথেষ্ট বড় ভূপেন হাজারিকার প্রেমে পড়েন। এবং সেই প্রেম ৪০ বছর ধরেই ছিল অসাধারণ। কল্পনা লাজমি তা চলচ্চিত্র জীবনের সফলতা পাওয়ার পেছনে অনেকটা কৃতিত্ব দিয়েছেন ভূপেন হাজারিকার। ২০১৮ সালে কল্পনা লাজমি প্রয়াত হন। ভূপেন হাজারিকা সবাইকে কাঁদিয়ে প্রয়াত হয়েছেন আরও আগে, ৫ই নভেম্বর ২০১১ সালে মুম্বাইতে। আজ ৮ই সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। জন্মদিনে বিনম্র শ্রদ্ধা এই বিরলপ্রজ গুণী মানুষকে।
