২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার জয় বাংলা কনসার্টে গেয়ে ‘বাজিমাত’ এফ মাইনরের

প্রখর রোদের কিরণে নাচানাচি করে দর্শকরা যখন ক্লান্ত, তখন বিকালের মিষ্টি রোদে মিষ্টি সুরের আওয়াজ তুলে মঞ্চ মাতাতে আসে আদিবাসী মেয়েদের প্রথম ব্যান্ড ’এফ মাইনর’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 06:52 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

পুরনো খবর:

জাতীয় সঙ্গীতে শুরু জয় বাংলা কনসার্ট
দলবেঁধে জয় বাংলা কনসার্টে

এতক্ষণে যারা ঘাসের ওপর বসে পড়ছিল ক্লান্তিতে; তারাও একবার দাঁড়িয়ে পড়ল গারো পাঁচ তরুণীর সুরের উৎস খুঁজতে।

দেড়টা থেকে কনসার্ট শুরু হলেও তাদের পরিবেশনার পর কয়েকগুণ বেগে উৎসাহিত হতে দেখা যায় উপস্থিত হাজার হাজার তরুণকে।

মঞ্চের ঘোষকও এফ মাইনরকে এই বলে পরিচয় করিয়ে দেন, ”এবারের কনসার্ট একের পর এক চমকে ভরা। এবারই প্রথমবারের মতো অংশ নিয়েছে ছোট পাহাড়ের মেয়েদের ব্যান্ড এফ মাইনর।

”এখানের চমকের শেষ নয়। বেলা যত গড়াবে সুরের চমক তত ঘনীভূত হবে,” এই বলে দর্শক-শ্রোতাদের আশ্বস্ত করেন ঘোষক।

শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিহরণ জাগানো গান ’নোঙর তোলো তোলো, সময় যে হলো হলো’ গানে নিজেদের পরিবেশনা শুরু করে এফ মাইনরের পিঙ্কি চিরান ও নাদিয়া রিচিলরা।

এরপর নারী দিবসের আগের দিন সব নারীকে উৎসর্গ করে তারা গেয়ে শোনায় নিজেদের অন্যতম জনপ্রিয় গান ‘সমস্ত দিন নিজের সঙ্গে আড়ি’।

এর পরেই এফ মাইনরের মেয়েরা পরিবেশন করে ত্রিপুরা ভাষার একটি সুরেলা গান। অনেকের কাছে অপরিচিত হলেও দর্শকদের অনেককে সেই গানের সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা গেছে।

এফ মাইনর নিজেদের সবচেয়ে জনপ্রিয় গানটি গেয়ে শোনায় সব শেষে। ’লাল পাহাড়ের দেশে যা’ গেয়ে শোনান পাহাড় আর সমতলের এই তরুণীরা।

সবার কাছে পরিচিত এই গান যখন গাওয়া হচ্ছিল, তখন অনেককে গ্যালারি থেকে দৌড়ে গিয়ে আগে থেকে সেখানে নৃত্যরত দর্শকদের সঙ্গে মঞ্চের সামনে শামিল হন।

শুধু এফ মাইনর নয়, এবার কনসার্টে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ’ইনট্রুয়েট’, ’আরেকটা রক ব্যান্ড’ ও ’অ্যাডভার্ব’ ও ‘সিন’ প্রথমবারের মতো জয় বাংলা কনসার্টে পরিবেশন করে।

এফ মাইনরের পরিবেশনায় ভোকাল পিঙ্কি চিরন ও ভোকাল-গিটারিস্ট নাদিয়া রিচিলের সঙ্গে ছিলেন সীসা গিটারে জেন্ডারিয়া মান্ডা, ক্যাজন ও ড্রামসে দিবা চিচাম এবং কি-বোর্ডে আকিউ মারমা।

এফ মাইনরের পরিবেশনা যখন শেষ হয়, তখন মিডিয়া সেন্টারে এক সাংবাদিক বলছিলেন, ”ওরা প্রথম আইল আর বাজিমাত করল।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন সাতই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলা এই কনসার্টের আয়োজন করে।

এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে কনসার্ট সরাসরি দেখা হয়।