'মিস ইউনিভার্স বাংলাদেশ'র বিচারক সুস্মিতা সেন
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে যোগ দিতে অক্টোবরে ঢাকায় আসছেন সাবেক ‘মিস ইউনিভার্স’ ও বলিউড তারকা সুস্মিতা সেন।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক সাংবাদিকদের এ কথা জানান।
ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ৬৮তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা বাংলাদেশের প্রতিনিধি খুঁজতে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে।
নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত সেরা দশ প্রতিযোগীদের নিয়ে ২৩ অক্টোবর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে চূড়ান্ত পর্বের আয়োজনে বিচারক হিসেবে থাকছেন ১৯৯৪ সালে আয়োজিত ‘মিস ইউনিভার্স’ বিজয়ী ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন; বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন তিনি।
পুরো আয়োজনে বিচারক হিসেবে আরও থাকবেন আতাহার আলী খান, অভিনেত্রী বিপাশা হায়াত, ফ্যাশন ডিজাইনার তুতলি রহমান, রুবাবা দৌলা, মাহিন খানসহ দশ বিচারক।
