২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের সেই জোবায়েরের বিরুদ্ধে সংগীতশিল্পী জুয়েলের জিডি

শিল্পীদের হুমকি দিয়ে আলোচনায় আসা লন্ডনের জোবায়ের নামে ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2019, 12:57 AM

Updated : 08 Apr 2022, 04:41 PM

এদিকে জোবায়েরের সঙ্গে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের কোনো সম্পর্ক নেই জানিয়ে তার বিষয়ে সতর্ক থাকতে বলেছে দূতাবাস।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জুয়েল।

থানার  ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লন্ডনের এক ব্যক্তি তাকে মোবাইল ফোনের মাধ্যমে অনবরত হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন জুয়েল মোর্শেদ।”

জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনিসহ তার বোন অভিনেত্রী শারমিন শিলাকে ফোন করে গালাগালি করা হচ্ছে।

তিনি বলেন, “আমাদের নামে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে আমরা জেনেছি। সেই নির্দিষ্ট ব্যক্তিকে আমরা চিনি না। বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে মোবাইলে কল বাজে আচরণ করছেন।”

এর আগে বুধবার সন্ধ্যায় জোবায়েরের বিরুদ্ধে আরেকটি জিডি করেন গীতিকার কবীর বকুল।

তার অভিযোগ, অনুষ্ঠান আয়োজনের কথা বলে ফেরদৌস, পূর্ণিমা, কনা, আগুনসহ দেশের ৪০ শিল্পীর পাসপোর্টের ফটোকপি নিয়ে নিয়ে তাদের নানাভাবে হুমকি দিচ্ছেন জোবায়ের নামে ওই ব্যক্তি।

শিল্পীদের পাঠানো এক ক্ষুদেবার্তায় নিজেকে জোবায়ের নামে পরিচয় দিয়ে সেই ব্যক্তি অভিযোগ করেন, “শারমিন শিলা ও তার ভাই জুয়েল মোর্শেদ তার সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে শিল্পী সমিতিতে অভিযোগ করেও কোনো সুরাহা না পাওয়ায় শিল্পীদের পাসপোর্টের কপি আটকে দিয়ে সেই অর্থ উদ্ধারের চেষ্টা করছেন।”

এই অভিযোগ উড়িয়ে দিয়ে জুয়েল বলেন, “অভিযোগ যে করেছে, সে সামনে আসছে না। শারমিন শিলা একজন প্রমিনেন্ট আর্টিস্ট। বিভিন্ন নাম্বার থেকে গালাগালি করা হচ্ছে। কিন্তু তার স্পেসিফিক নামটাও জানা যাচ্ছে না।”

অভিনয়শিল্পী সংঘে শারমিন শিলা ও জুয়েল মোর্শেদের নামে কেউ কোনো অভিযোগ করেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, “সেই লোকটি বিভিন্ন শিল্পীকে ফোন দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন, বাজে বার্তা পাঠাচ্ছেন। আমাদের সংগঠনের সভাপতি সভাপতি শহীদুজ্জামান সেলিম ভাইকেও বিরক্ত করছে। আমরা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু কোনোভাবেই তাকে রিচ করা যাচ্ছে না। তার কর্মকাণ্ডে অনেক শিল্পী বিড়ম্বনার মধ্যে পড়েছেন।”

হাইকমিশনের বক্তব্য

জুবায়ের লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে অনুষ্ঠান আয়োজনের কথা বলে বাংলাদেশি ৪০ জন শিল্পীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংগ্রহ করেছেন বলে খবর বেরিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (প্রেস) আশেকুন নবী চৌধুরী এক বিজ্ঞপ্তিতে বলেন, “জোবায়ের নামক কোনো ব্যক্তির সাথে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেনি এবং এ ধরনের কোনো ব্যক্তির সাথে বাংলাদেশ হাই কমিশনের কোনো সংশ্লিষ্টতা নেই।

“তিনি হাই কমিশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বানোয়াট। এজন্য শিল্পীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করার যে কথা বলা হয়েছে সে বিষয়েও হাই কমিশন অবগত নয়।”

তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং এ সম্পর্কে আরও কোনো তথ্য জানার বা জানানোর থাকলে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে ই-মেইলে (hc@bhclondon.org.uk; pressm@bhclondon.org.uk) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।