অস্ত্রোপচার শেষে আশংকামুক্ত এটিএম শামসুজ্জামান
রাজধানীর আলী আজগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান।
গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। গত ২৬ এপ্রিল এ অভিনেতাকে অসুস্থ অবস্থায় রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত এ অভিনেতার শারিরীক অবস্থা বিবেচনায় পরদিনই অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
২৭ এপ্রিল তার শরীরে সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে আশংকামুক্ত আছেন তিনি। গ্লিটজকে এমন খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী রুবি জামান।
রোববার সন্ধ্যায় গ্লিটজকে তিনি বলেন, “দীর্ঘদিন উনার (এটিএম শামসুজ্জামান) পেটে হজম হওয়া কিছু খাবার জমা হয়ে শক্ত হয়ে যেত। চিকিৎসকরা বিষয়টি প্রথম দিকে ধরতে পারেননি। হঠাৎ ২৬ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা অসুস্থতার কারণটি ধরতে পারেন। ২৭ তারিখ অস্ত্রোপচার শেষে তাকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। তবে, ২৪ ঘন্টা না পেরুতেই তাকে আশংকামুক্ত বলেছেন চিকিৎসকরা। বর্তমানে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করেছেন চিকিৎসকরা।”
৮৮ বছর বয়সী এ অভিনেতা আলী আজগর হাসপাতালের অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
