২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাওয়াইয়া শিল্পী রাজা আর নেই

ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক সফিউল আলম রাজা মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2019, 06:54 PM

Updated : 10 Oct 2022, 08:59 PM

রোববার দুপুরে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার মেয়ে তাবাসসুম ফারিহা সানি। রাজার মৃত্যুর কারণ জানা যায়নি। 

তার মেয়ে জানান, শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠান শেষে রাত ৩টায় বাসায় ফেরেন তার বাবা।

“আজ দুপুরে কাজের বুয়া এসে দরজা ধাক্কাধাক্কি করে কোনো সাড়া না পেয়ে অন্যদের খবর দেয়। পরে দরজা ভেঙে মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখি।”

রাজা পল্লবীতে একটি বাসা ভাড়া নিয়ে ‘কলতান সাংস্কৃতিক একাডেমী’ নামে একটি গানের স্কুল খুলেছিলেন। সেই বাসাতেই তিনি থাকতেন বলে জানান সানি। 

এক ছেলে এবং এক মেয়ের জনক ছিলেন রাজা।

রাজার জন্ম কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। কৈশোরে বাবা-মার উৎসাহ ও অনুপ্রেরণায় গানে হাতেখড়ি হয় তার। সংগীতে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও ভাওয়াইয়ার কিংবদন্তি-গীতিকার, সুরকার ও শিল্পী নুরুল ইসলাম জাহিদের কাছে সংগীতের বিষয়ে জ্ঞান অর্জন করেন তিনি।

রাজা বাংলাদেশ বেতারের ‘বিশেষ’ ও বাংলাদেশ টেলিভিশনের ‘প্রথম’ শ্রেণীর শিল্পী।

লোক সংগীতের অন্যতম ধারা ভাওয়াইয়া গানের প্রচার ও প্রসারের লক্ষ্যে তিনি ২০০৮ সালে রাজধানীতে ‘ভাওয়াইয়া’ গানের দল প্রতিষ্ঠা করেন। এছাড়াও ২০১১ সালে রাজধানীতে প্রতিষ্ঠা করেন ‘ভাওয়াইয়া স্কুল’।

২০১৭ সালের ১ জানুয়ারী সংস্কৃতির সকল শাখা নিয়ে রাজধানীর পল্লবীতে ‘কলতান সাংস্কৃতিক একাডেমী’ প্রতিষ্ঠা করেন এই শিল্পী।

তিনি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘উত্তরের সুর’-এ চারটি মৌলিক ভাওয়াইয়া গান গেয়েছেন।

শিল্পী জীবনে রাজা বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল বিকাশ প্রতিভা অন্বেষণে লোকসঙ্গীত বিভাগে (ভাওয়াইয়া নিয়ে) ২০০৬ সালে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন।

বেঙ্গল ফাউন্ডেশন থেকে রাজার একটি মিক্সড অ্যালবাম এবং ভায়োলিন মিডিয়া থেকে ২০১১ সালে প্রকাশিত হয়েছে একক ভাওয়াইয়া অ্যালবাম ‘কবর দেখিয়া যান’। সংগীত নিয়ে সফর করেছেন অষ্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশে। তিনি সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন রিয়েলিটি শোতে ‘বিচারক’ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি পেশায় একজন সাংবাদিক। দীর্ঘ ২৪ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এ শিল্পী।

সাংবাদিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পুরস্কার, ডেমোক্রিসি ওয়াচ হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড, ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন অ্যাওয়ার্ড, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।