দুইশতম মঞ্চায়নে মোমেনার ‘লালজমিন’
শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘লালজমিন’ নাটকের দুইশতম মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ মার্চ।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের উদ্যোগে রাজধানীর বিএটিসি অডিটরিয়ামে এদিন সন্ধ্যায় নাটকটি মঞ্চায়নের খবর জানালেন মোমেনা চৌধুরী। তার একক অভিনয়েই দুইশটি পর্ব মঞ্চায়িত হয়েছে দেশের নানা প্রান্তে।
‘লালজমিন’ নাটকটির গল্প মুক্তিযুদ্ধের একটি খণ্ডচিত্রের বয়ান। মহান মুক্তিযুদ্ধে একজন কিশোরীর অংশগ্রহণ, গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির ত্যাগ- সবশেষে স্বাধীনতা অর্জন দর্শকদের এক নতুন অভিজ্ঞতার সম্মুখে দাঁড় করিয়ে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ২০১১ সালের ১৯ মে প্রথম মঞ্চায়িত হয় ‘লালজমিন’। মান্নান হীরার রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নির্দেশক সুদীপ চক্রবর্তী। মোমেনা চৌধুরীর একক অভিনয়ের নাটকটি দর্শকমহলেও প্রশংসিত হয়েছে।
নাটকটির দুইশতম মঞ্চায়নের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোমেনা চৌধুরী বলেন, “আমার জীবনের অনেক বড় পাওয়া ‘লালজমিন’। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার অভিনীত নাটক ‘লালজমিন’২০০তম প্রদর্শনী আমার কাছে অপার্থিব আনন্দের। যাদের সহযোগিতায় ‘লালজমিন’ দুইশতম প্রদর্শনীর দ্বারপ্রান্তে তাদের প্রতি আমার অনেক অনেক ভালবাসা। ২০০তম মঞ্চায়নের এ আয়োজনে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, সহযোগিতা করেছেন সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা।”
‘লালজমিন’ নাটকের পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক। সঙ্গীত পরিকল্পনা করেছেন জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ রাজু ও নীলা সাহা। মঞ্চায়নের নেপথ্য কারিগররা হলেন, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।
অভিনেত্রী মোমেনা চৌধুরীর অভিনয়ে যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে ‘বগুড়া থিয়েটার’-এ যোগদানের মধ্য দিয়ে। দলের একটি নাটকের রিহার্সেল চলাকালীন সে বছরই তার চাকরী হয়ে যায় গাজীপুরের ‘টাকশাল’-এ। চাকরিকালীন সেখানে তিনি ‘অবশিষ্ট মঞ্চায়ন পরিষদ’র সাথে যুক্ত হন। সেই দলের হয়ে ‘প্রত্যাশিত প্রলাপ’ নাটকের তিনটি প্রদর্শনীতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন।
এর পরপরই তিনি ‘আরণ্যক’ নাট্যদলের সাথে যুক্ত হন ১৯৯০ সালে। ‘ইবলিশ’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে শুরু হয় মোমেনার আরণ্যক যাত্রা। এরপর থেকে আজ অবধি এই দলেরই হয়ে আছেন। ‘আরণ্যক’র হয়ে মোমেনা অভিনয় করেছেন ‘সংক্রান্তি’, ‘ময়ূর সিংহাসন’, ‘এবং বিদ্যাসাগর’, ‘প্রাকৃত জনকথা’ ইত্যাদি নাটকে।
