২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয় বাংলা কনসার্ট’ বৃহস্পতিবার

রাজধানীর আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলে শুরু হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2019, 08:44 PM

Updated : 07 Mar 2024, 05:15 PM

পঞ্চমবারের মত জয় বাংলা কনসার্ট আয়োজন করতে যাচ্ছে সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  ১ মার্চ থেকে শুরু হওয়া জনপ্রিয় এই কনসার্টে যোগ দিতে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ৩০ হাজার দর্শক। 

প্রতিবারের মত এবারও স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ৮ ব্যান্ড দল। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে।

সিআরআই-এর কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ জানান, এবারের কনসার্টে নতুন ব্যান্ড দল হিসেবে যোগ দিচ্ছে বে অব বেঙ্গল। এ ছাড়াও থাকছে শূন্য, আরবোভাইরাস, চিরকুট, আর্টসেল, নেমেসিস, লালন ও ক্রিপটিক ফেইট।

কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন।

২০১৫ সাল থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে ইয়াং বাংলা আয়োজন করে আসছে জয় বাংলা কনসার্ট।

শুধু তরুণরা নয়, দেশের সকল স্তরের মানুষের কাছেই কনসার্টটি সমাদৃত। গত আসরে এই কনসার্ট টেলিভিশন এবং অনলাইনে উপভোগ করেছে ১০ লাখের বেশি দর্শক। আর সরাসরি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করেছে ৬০ হাজার দর্শক।

২০১৪ সালে ইয়াং বাংলা আত্মপ্রকাশের পর ২০১৫ সালে প্রথম আয়োজন করা হয় জয় বাংলা কনসার্ট। তরুণদের কাছে দারুণ জনপ্রিয় এই কনসার্টটি এরপর থেকে প্রতি বছর আয়োজন করে আসছে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলা।