২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিতে যান: আহ্বান নির্মাতা-শিল্পীদের

আগামী ৫ বছরের জন্য দেশের নেতৃত্ব নির্বাচিত হবে রোববারের ভোটে; এদিন সব দল-মতের ভোটারদের কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানালেন নির্মাতা-শিল্পীরা।

সাইমুম সাদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 06:22 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

ভোটার হিসেবে নির্মাতা-শিল্পীরা এবারের নির্বাচন কেমন চান? ভোটের আগের দিন আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনয়শিল্পী আজমেরি হক বাঁধন ও নির্মাতা আশফাক নিপুণের কাছে জানতে চেয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নির্বাচনের নানা বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিলেও তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে একবাক্যে অভিন্ন মত দিয়েছেন।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবার ঢাকা-১২ আসনের নাখালপাড়া কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলে জানান। ভোটার হিসেবে কেমন নির্বাচন দেখতে চান তিনি? তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিজের লেখা একটি ফেইসবুক স্ট্যাটাস পাঠান।

সব দল-মতের ভোটারদের ভোট দেওয়ার তাগিদ দিয়ে ‘ডুব’ চলচ্চিত্রের এ নির্মাতা স্ট্যাটাসে লিখেন, “জনগণের মাঝে যারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিজয় দেখতে চান তারা যেন দলে-বলে কেন্দ্রে গিয়ে ভোট দেন। যারা বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের বিজয় দেখতে চান তারাও দলে-বলে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।”

‘ভোট প্রদানে বাধা এলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে’ ও ‘প্রশ্নবিদ্ধ নির্বাচনের বিজয় দিয়ে শক্তিশালী সরকার বা গণতন্ত্র মিলবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

‘আমাদের দেশে কেউ হারতে চায় না’ কারণ হারলে এখানে চড়া মূল্য দিতে হয় উল্লেখ করে এই নির্মাতা লিখেন, “বিজয়ী দলকেই এ সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে।

“বিরোধী দল ও মতের জন্য সহনশীল পরিবেশ নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, কোনও না কোনও দিন আপনাকেও ক্ষমতার বাইরে থাকতে হবে। এখন সহনশীল আচরণ করার পুরষ্কার তখন পাবেন।”

Image
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

তার আশা, সব হতাশা দূর করে শেষ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন দেখবে বাংলাদেশ, পেশাদারিত্বের পরিচয় দেবে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা।

সরয়ার ফারুকীর মতো এবার সুষ্ঠু নির্বাচনের আশা করছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীও; তিনি ঢাকা-৮ আসনের যোগ্য প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন বলে জানান।

তিনিও নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতের তাগিদ দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটারদের দায়িত্ব হলো কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া। অনেকে তুচ্ছ কারণে ভাবেন, দেব কি না, কেন্দ্রে যাব কি না। কিন্তু নাগরিক হিসেবে ভোট একটা আমানত।”

ভোটের গুরুত্ব তুলে ধরে এ অভিনেতা বলেন, “নাগরিক হিসেবে এই দেশে বাস করার প্রধান যে কয়েকটি দায়িত্ব আছে তার মধ্যে প্রধান হলো, নির্বাচনের সময় ভোট দেওয়া। আমার দেশ কিভাবে চলছে, কিভাবে আগাচ্ছে সেটা মাথায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের ভোট দিতে হবে।”

একাদশ সংসদ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন ‘সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ নির্বাচন চান ঢাকা-১৮ আসনের ভোটার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

Image
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

একুশে পদক প্রাপ্ত এ অভিনেতা আশা করছেন “সবাই ভয়-ভীতিহীন অবস্থায় ভোটকেন্দ্রে যাবেন-এটাই তো স্বাভাবিক। এটাই মানুষের চাওয়া। এটি আমারও চাওয়া।”

‘কিন্তু আসলে যা ঘটছে তা দেখলে মনে কষ্ট লাগে’ বলে নির্বাচন নিয়ে নিজের আশার মাঝে শঙ্কার কথাও জানালেন তিনি।

‘গত নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি’ দাবি করলেও এবারের নির্বাচন ‘সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ হবে বলে আশা করছেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এ অভিনেতা।

এবারের নির্বাচনের পরিবেশ ইতিবাচক দেখছেন মিরপুর-১২’র বাসিন্দা ও ঢাকা-১৬ আসনের ভোটার অভিনয়শিল্পী আজমেরি হক বাঁধন। আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা তিনি; নৌকার পক্ষে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

Image
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

‘বড় কোনও নাশকতা ছাড়াই’ সব দলের অংশগ্রহণে এবারের নির্বাচন হচ্ছে বলে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, “আমি স্বাধীন দেশের নাগরিক, যাকে ইচ্ছা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারব। তবে একটা দল অংশগ্রহণ করলে ভোটারদের আর বিকল্প থাকে না।”

এবারের নির্বাচন নিয়ে খানিকটা হতাশ ছোটপর্দার নির্মাতা আশফাক নিপুণ; যিনি চট্টগ্রাম-৯ আসনের ভোটার।

নিপুন বলেন, “যে পরিমাণ ভায়োলেন্সের সংবাদ পেয়েছি এবার এ ব্যাপারটায় আমি খুবই হতাশ। সমানভাবে প্রচারণা ও কোনও ভায়োলেন্স যদি না হতো তাহলে নির্বাচন নিয়ে আশাবাদি হতাম। আমি দুই পক্ষের কথা বলছি। উনারা (নির্বাচন কমিশন) যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেননি।”

Image
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

তবুও তিনি প্রত্যাশা করছেন, সবাই স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে যাবেন; সেটা যে প্রতীকেই হোক না কেন।

“ভোট দেওয়া আমাদের দায়িত্ব। নির্বাচনের দিন যাতে কোনও হানাহানি না ঘটে; ঝুঁকিহীন অবস্থায় কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাই আমরা।”