দুই দিনব্যাপী রবীন্দ্র স্মরণানুষ্ঠান
রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী রবীন্দ্র-স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা।
‘অহংকার চূর্ণ করো/প্রেমে মন পূর্ণ করো’ স্লোগানে শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
আয়োজক প্রতিষ্ঠান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দিনের এই আয়োজনে সংস্থার ৮০ জন শিল্পী গীতবিতান থেকে পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ ও বিচিত্র পর্যায়ের গান পরিবেশন করবেন। সংস্থার শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, অদিতি মহসিন, শামা রহমান, লিলি ইসলাম প্রমুখ।
সংস্থার সভাপতি তপন মাহমুদ বলেন “রবীন্দ্র প্রয়াণ দিবসে এই অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল। কিন্তু উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বৈচিত্র্যময় গান পরিবেশন করা হবে এই অনুষ্ঠানে। উদ্বোধনী সন্ধ্যার শুভ সূচনা হবে ‘সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা’ ও ‘আগুণের পরশমণি’ পর দুইটি কোরাস গানের মধ্য দিয়ে। এর পর শুরু হবে একক ও দ্বৈত সঙ্গীত। অনুষ্ঠানে রবীন্দ্রপ্রেমীদের সবান্ধব উপস্থিতি কামনা করছি।”
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
