শিল্পকলায় দুই বাংলার বাউলদের মিলন উৎসব
বাংলাদেশ ও ভারতের অর্ধশতাধিক শিল্পীর অংশগ্রহণে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ-ভারত বাউলসঙ্গীত উৎসব’।
লালন বিশ্বসংঘ ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগ এবং ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউল গবেষক আবদেল মাননান।
সৈয়দ আবুল মকসুদ বলেন, “বাংলার হাজারো বছরের সংস্কৃতির সঙ্গে মিশে আছে বাউলধারার গান। বাউলের দর্শন হল মানবতাবাদ। বাউলরা গানে গানে মানবতাবাদের কথা বলে যান, যা প্রকৃত অর্থে বাংলার লোকজ সংস্কৃতিরই পরিচয় বহন করে।”
আবদেল মান্নান বলেন, “সমাজে বাউল দর্শনের প্রভাব ঘটলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠত না।”
উদ্বোধনী আনুষ্ঠানিকতার সঙ্গে ছিলো ‘ফকির লালন শাহ ও বাঙলার ফকিরী গানের উত্তরাধিকার' শীর্ষক বিশেষ প্রদর্শনী। এতে উঠে আসে ফকির লালন সাঁইয়ের উপর লালন বিশ্বসংঘের বিভিন্ন আয়োজনের আলোকচিত্র।
পরে ছিলো দুই বাংলার বাউল শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। শিল্পকলা একাডেমির বাউল দলের শতাধিক শিল্পীর সম্মিলিত সঙ্গীত পরিবেশনা দিয়ে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। তারা গেয়ে শোনান ‘এসো হে দয়াল’ ও ‘জমি করবো আবাদ’ গান দু’টি।
একক কণ্ঠে ছিলেন দিতি সরকার, বিপাসা, আবীর বাউল, ওমর আলী, আলমীনা আক্তার, শরীফ সাধু, সমীর বাউল, টুনটুন বাউল, আলীয়ার শাহ্, আরজু শাহ্, হিরক সরদার, হারুসন কবির।
ভারতের বাউলদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন সঞ্জয় কীর্তনিয়া ও বন্যাশ্রী।
শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে বিকেল ৪টায়।
এদিন ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মোকাবেলায় বাউলদর্শনের প্রয়োজনীয়তা' শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন বাউল গবেষক আবদেল মাননান।
শনিবার সমাপনী দিনে বিকেল ৫টায় উৎসবের ‘দুই বাংলার বাউল সম্মাননা' অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে বাউল গানের পরিবেশনা।
এই উৎসব উদ্বোধনের কথা থাকলেও আসতে পারেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার থেকে শিল্পকলায় জাতীয় পরিবেশ আলোকচিত্র উৎসব
শনিবার থেকে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারিতে শুরু হতে যাচ্ছে জাতীয় পরিবেশ আলোকচিত্র উৎসব।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবছর প্রথমবারের মতো এই আলোকচিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
তিন দিনব্যাপী প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে।
পরিবেশ সংসদের প্রতিষ্ঠাতা শাহীন রেজা রাসেল জানান, এ উৎসব উপলক্ষে জীববৈচিত্র্য, পরিবেশ দূষণ, পরিবেশ সচেতনতা, প্রকৃতি, পরিবেশবান্ধব ভ্রমণ, পরিবেশ রক্ষা সংক্রান্ত কর্মকাণ্ড এবং প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ- এই সাতটি ক্যাটাগরিতে ১৬০টি আলোকচিত্র প্রদর্শনীতে ঠাঁই পাবে।
তিনি বলেন, “এই পরিবেশ আলোকচিত্র উৎসব আয়োজনের একমাত্র উদ্দেশ্য পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করা।”
উৎসবে চ্যাম্পিয়ন আলোকচিত্র শিল্পীকে ১০ হাজার, প্রথম রানার আপ আলোচিত্রশিল্পীকে সাত হাজার এবং দ্বিতীয় রানার আপ আলোকচিত্র শিল্পীকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
সোমবার বিকেল উৎসবের পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল ইসলাম মাহমুদ।
