২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশুপ্রেমী জয়া চান এসব প্রাণের প্রতি ভালোবাসা

‘জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর’ মন্ত্রে দীক্ষিত অভিনেত্রী জয়া আহসান পশুপাখির যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 11:05 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

নিজে পশুপাখির উন্নয়নে কাজ করারও ঘোষণা দিয়েছেন তিনি।

‘বেওয়ারিশ কুকুর-বিড়ালের অধিকার রক্ষায় করণীয়’ বিষয়ে মঙ্গলবার রাজধানীর মহিলা সমিতির সভাকক্ষে এক  গোলটেবিল বৈঠকে পশু নিয়ে নিজের এই অবস্থান জানান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিনি বলেন, “একটা কথা আছে, হু ফিডস অ্যান এনিমেল অর অ্যা ডগ হি ফিডস হিজ ওন সোল (যে ব্যক্তি একটি প্রাণী অথবা কুকুরকে খাবার দেয় সে তার নিজ আত্মাকেই খাবার দেয়)। সেই জায়গা থেকে আমি আসলে কাজ করি। কাজ করতে চাই। হয়ত কাজ করি, কিন্তু সেটা মানুষের সামনে আনতে চাই না।”

ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে পশুপাখির প্রতি সংবেদনশীলতা খুব কম বলে মনে করেন তিনি। 

জয়া বলেন, “আমাদের কিছু মেন্টাল ব্লক আছে, কম সেন্সিবল আমরা। ভারতের চেয়ে বাংলাদেশে এই বিষয়গুলো বেশি। আমরা যদি সোচ্চার হই, স্ট্রং থাকি তাহলে এ জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হবে।

“জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। এটা তো আমাদের মানবিক দায়িত্ব পশুপাখির যত্ন নেওয়া। তারা আমাদের সমাজেরই অংশ। আমি সবাইকে বলব, নিজেদের অবস্থান থেকে এসব পশুপাখির পাশে থাকুন, চেষ্টা করুন।”

বিপদাপন্ন পশুপাখি উদ্ধার করে সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবিনহুড’ এই গোলটেবিলের আয়োজন করে। অনুষ্ঠানের পুরো সময় সংগঠনটির উদ্যোক্তা আফজাল হোসেনের সেবাকেন্দ্রের একটি আহত কুকুর কোলে নিয়ে বসে ছিলেন জয়া।  

সবাইকে পশুপ্রেমী আফজালের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আমার অবস্থান থেকে তার পাশে থাকার চেষ্টা করব।”

শিশু দত্তক নেওয়ার মতো পশুপাখি পালনের ক্ষেত্রে আইন হওয়া উচিত বলে মনে করেন এই অভিনেত্রী।

তিনি বলেন, “একটা বাচ্চাকে দত্তক নেওয়ার সময় আমরা তো দেখি সে ব্যক্তি সেই বাচ্চার দায়িত্ব নেওয়ার যোগ্য কি না। কুকুর-বিড়ালের জন্য এমন বিষয় থাকা দরকার। পোষ্য হিসেবে যারা রাখছে, তারা যেন ওদের অবহেলা বা কষ্ট দিতে না পারে।”

বিভিন্ন ঘটনায় আহত ৪৫টি কুকুর-বিড়ালকে নিজের বাসায় রেখে সেবা দিয়ে যাচ্ছেন রবিনহুডের আফজাল। ২০১০ সাল থেকে তিনি এ কাজ করছেন।

আহত পশুদের সেবা করতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের সমাজে শিক্ষার অভাব রয়েছে। অনেক ভুল ধারণা রয়েছে। এসব পশুদের যখন আমি বাসায় নিয়ে আসতাম তখন নানা ধরনের বাধার সম্মুখীন হতাম। মানুষ নেগেটিভভাবে দেখে এ বিষয়গুলো।"

রাস্তায় আহত কুকুর-বিড়ালকে বাসায় এনে সেবা-যত্নে সুস্থ করে তোলেন আফজাল। এসব কুকুর-বিড়ালের অধিকাংশই হাত-পা হারানো,পক্ষাঘাতগ্রস্ত, যাদের চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।

প্রতি মাসে এসব কুকুর-বিড়ালের জন্য তার ১৮০ কেজি মুরগির মাংস, দুই মণ চাল, ১০০টির ওপর ডিম, ৪০ লিটার দুধের দরকার হয় বলে জানান তিনি। 

আফজাল জানান, তার কাছে থাকা প্রতিটি কুকুর-বিড়ালকেই আহত অবস্থায় উদ্ধার করেছেন। এদের একেকটির একেক সমস্যা। একেকটার ওষুধ ও খাবার একেক রকম।

পশুপাখিদের জন্য একটি হাসপাতাল তৈরি করতে চান তিনি: “কিছু আর্থিক সহায়তা পেলে এসব পশুপাখির জন্য আমি আরও বড় পরিসরে কাজ করে যেতাম। প্রধানমন্ত্রীর কাছেও সব কিছু জমা দিয়েছি। আমি জায়গা পেলে একটি শেলটার করতে চাই। কাজটা অনেক বেশি ব্যয়বহুল। আর্থিক সহায়তা না পেলে আমার জন্য এটি কঠিন হয়ে যাবে।”

সমাজের সবস্তরের মানুষের প্রতি পশুপাখিদের সহায়তার আহ্বান জানান আফজাল।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পশু চিকিৎসক মো. লুৎফর রহমান বলেন, “রাস্তার কুকর-বিড়াল এদের প্রতি সমাজের মানুষ কোন নজরই দেয় না। পত্রিকা খুললেই আমরা দেখি দুর্ঘটনায় যাত্রীরা তাদের হাত-পা হারাচ্ছে। রাজিব রোজিনা দুইজন মারাই গেল। প্রাণের প্রতি যাদের মমতা নেই, তারাই এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটাতে পারে।

“শুধু মানুষ নয়, অনেক পশুপাখি প্রতিদিন আহত হচ্ছে। মারা যাচ্ছে দুর্ঘটনায়।” 

আহত বা অসহায় এসব পশুপাখিকে বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার বলে মন্তব্য করেন তিনি।

এই চিকিৎসক বলেন, “প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে মানবিক অনুভূতি জাগানো দরকার। পশুদেরও যে অনুভূতি আছে, কষ্ট আছে, বেঁচে থাকার অধিকার আছে- এ বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি হলে তাদের কষ্ট দেওয়ার ঘটনাগুলো আর ঘটবে না। মানুষের প্রতি আচরণ সংশোধিত হবে।”  

গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াদিুল হাসান মিল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রিসালাত বিনতে রউফ বক্তব্য দেন।