রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আরটিভিতে ‘মধ্যবর্তিনী’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মধ্যবর্তিনী’র নাট্যরূপ দিয়েছেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। ‘মধ্যবর্তিনী’ শিরোনামেই নির্মাণ করেছেন একক নাটক।
অভিনয় করেছেন তারিন জাহান, রওনক হাসান, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ।
গল্পে দেখা যায়, ম্যাকমোরান কোম্পানীর হেড বাবু নিবারণ চন্দ্র স্ত্রী হরসুন্দরীকে নিয়ে দিব্যি সংসার করছিলেন। সাদাসিধে সংসার।
নিবারণ সর্বদাই নির্ভেজাল মানুষ। অফিস আর বাড়ি ছাড়া বিকেলে আড্ডা দেন রামলোচন এর বাড়িতে। তারপর বাড়ি ফিরে আসেন।
নিবারণ-হরসুন্দরীর এই সুখী দাম্পত্য জীবন বেশিদিন সুখের থাকলো না। কোনো এক দূরারোগ্য ব্যাধি পেয়ে বসলো হরসুন্দরীকে। কোন ঔষধেই রোগ সারে না।
মৃত্যু আসন্ন জেনে হরসুন্দরী নিবারণকে আরকটা বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে প্রথমে রাজী না থাকলেও এক সময় নিবারণ বিবাহে মত দেন।
বাড়িতে নতুন অতিথির আগমন ঘটে, শৈলবালা। নিবারণের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর উপস্থিতি শৈলবালা আর নিবারণের মাঝে সকল দ্বিধা-দ্বন্দ্বের পর্দা সরিয়ে দেয়।
হরসুন্দরী নিজে শৈলবালাকে সংসারের কাজ কর্ম শেখায়- দায়িত্ব বুঝিয়ে দেয়। তবে এইটা দাঁড়ায় কাল হয়ে।
হরসুন্দরীর এই সারল্য শৈলবালা উপেক্ষা করে নিবারণকে চিরতরে সরিয়ে ফেলতে চায় হরসুন্দরীর কাছ থেকে। ক্রমেই দূরত্ব বাড়তে থাকে হরসুন্দরী আর নিবারণের।
এরই মাঝে শৈলবালার উচ্চাশা, উচ্চাকাঙ্খা সবকিছুই যেন বাড়তে থাকে। আর শৈলবালার এই অপ্রয়োজনীয় চাওয়া পূরণ করতে গিয়ে সব শেষে চাকরিটাও খোয়াতে হয় নিবারণকে।
একসময় হরসুন্দরীর সমস্ত গহনা চেয়ে নেন নিবারণ। হরসুন্দরী তার সমস্ত গহনা নিজ হাতে পরিয়ে দেয় শৈলবালাকে।
তবে ভাগ্যের নির্মম পরিহাস- এই সুখ শৈলবালা ধরে রাখতে পারলো না। হরসুন্দরীর সরলতা নিয়ে খেলা করাটা বিধাতা মেনে নেয়নি। হঠাৎই অকালমৃত্যু হয় শৈলবালার।
ক্রমেই এই মৃত্যুর শোক মিলিয়ে যেতে থাকে নিবারণ আর হরসুন্দীর নব সংসারে। তবে কোথায় যেন দাঁড়িয়ে থাকে শৈলবালা দাম্পত্যের আয়োজনে অদৃশ্য পর্দা হয়ে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে মঙ্গলবার রাত ৮টায়।
