২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেল আই প্রাঙ্গনে রবীন্দ্র মেলা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তি উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইগলু-চ্যানেল আই রবীন্দ্র মেলা ২০১৮।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 05:43 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

১৩ তম রবীন্দ্র মেলা’র প্রধান পৃষ্ঠপোষক ইগলু। মেলায় প্রতিবছর রবীন্দ্র সংগীতশিল্পী অথবা রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের জন্য একজন ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করে আসছে চ্যানেল আই।

এ উপলক্ষে ৬ মে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মেলার বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

এ সময় রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও রবীন্দ্র সংগীতশিল্পী তপন মাহমুদ।

রবীন্দ্র মেলার সাথে সম্পৃক্ততার কথা উপস্থাপন করেন এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঈগলু’র সিইও জিএম কামরুল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা-স্থানের খোলা প্রাঙ্গণে তৈরি অনুষ্ঠান মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত, নৃত্যনাট্য, রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্র রচনাবলী থেকে পাঠ, ছবি আঁকা ইত্যাদি।

মেলার স্টলগুলোতে থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র সঙ্গীতের অডিও ভিডিও গানের স্টল ও রেকর্ড কাভার প্রদর্শনী, চলচ্চিত্রের স্টল।

আরো থাকবে বাংলার ঐতিহ্যসমৃদ্ধ রকমারি পণ্য সামগ্রীর স্টল। মূলত রবীন্দ্রনাথের বহুমুখী চিন্তার প্রকাশ ঘটবে এই মেলায়।

মেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এ ছাড়াও ঐদিন সকাল থেকেই চ্যানেল আই এর পর্দায় পরিবেশিত হবে নানান ধরনের রবীন্দ্র বিষয়ক অনুষ্ঠানমালা।