কারিনা নয়, সালমানের ঘনিষ্ঠ আমিই: কারিশ্মা
সম্প্রতি এক টকশো’তে বলিউড অভিনেত্রী কারিশ্মা বললেন তার সঙ্গেই সালমানের ঘনিষ্ঠতা বেশি। কারিনা কাপুরকে ছোটো বোনের মতো দেখে ‘ভাইজান’।
নব্বইয়ের দশকে বলিউড চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন কারিশ্মা কাপুর ও সালমান খান।
‘আন্দাজ আপনা আপনা’, ‘বিবি নম্বর ওয়ান’, ‘জিত’ ও ‘জুড়ওয়া’-র মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, এন্টারটেনমেন্ট কি রাত-লিমিডেট এডিশন-এ কারিশ্মা বলেছেন, “কারিনার তুলনায় আমারই বেশি ঘনিষ্ঠ সালমান। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের।
সালমানের কাছে কারিনা ছোট বোনের মতো। সে এখনও বেবো’কে ছোট বলেই মনে করে।”
সালমানের সঙ্গে কারিনা ‘বডিগার্ড’ এবং ‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় অভিনয় করেছেন।
‘বডিগার্ড’ সিনেমায় কারিশ্মার কন্ঠও ব্যবহার করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
এখন কোন ধরনের সিনেমায় কাজ করতে অগ্রহী তিনি, জানতে চাইলে কারিশ্মা বলেন, “সমস্ত নম্বর ওয়ান সিনেমায় কাজ করার পর কেউ যদি এবার ‘মামি নম্বর ওয়ান’-এর মতো সিনেমা বানাতে চান তাহলে আমি কাজ করবো।”
