২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে প্রেম ও রাজনীতির ‘মুখ ও মুখোশ’

টানা এগারো মাস সেন্সরবোর্ডে আটকে থাকার পর ছাড়পত্র পেলো গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ‘মুখ ও মুখোশ’। আগামী ১৩ জুলাই চলচ্চিত্রটি মুক্তি পাবে। এর আগে টরেন্টোতে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 05:08 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

‘প্রেম ও রাজনীতি’র গল্পে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, কাজী রাজু, দীপান্বিতা মার্টিন, নাফিসা চৌধুরী নাফা প্রমুখ।

সেন্সরবোর্ডে চলচ্চিত্রটি ১১ মাস আটকে থাকার পর আইনি প্রক্রিয়ায় আপিলের মাধ্যমে গেল মাসে চলচ্চিত্রটি ছাড়পত্র পায়।

নির্মাতা বললেন, “চলচ্চিত্রটি প্রেমের, কিন্তু সচেতন দর্শক এর ভেতরে রাজনীতিও খুঁজে পাবেন।

নানা জটিলতায় সেন্সরবোর্ডে আটকে থাকার পর আনকাট ছাড়পত্র পেতে সক্ষম হয়েছি। মুক্তির তারিখ ঠিক করেছি আগামী ১৩ জুলাই। প্রচারণা শুরু হবে শিগগিরই।”

এর আগে যুদ্ধশিশুদের নিয়ে ‘অনুক্রোশ’ ও বাঙালির নৃতাত্বিক ইতিহাসনির্ভর ‘হরিযুপিয়া’ নামে দু’টি চলচ্চিত্র নির্মাণ করেছেন গোলাম মোস্তফা শিমুল।

নতুন প্রস্তুতি ও সময় নিয়ে নির্মাণ করেছেন ‘মুখ ও মুখোশ’। বললেন, “আমার আগের দু’টি ছবি ফ্লপ ছিল। প্রেক্ষাগৃহে এ ধরণের ছবি দর্শক সাধারণত দেখতে চায় না। লগ্নীকৃত অর্থও ফিরে আসে না।

হয়তো দর্শক আমার ছবির জন্য প্রস্তুত নয়, কিংবা আমি। তাই ‘মুখ ও মুখোশ’ নির্মাণ করতে সময় লেগেছে। এ চলচ্চিত্রটি দর্শক পছন্দ করবেন বলে মনে করছি।”

চলচ্চিত্রটিতে ব্যবহৃত হয়েছে দুটি গান। গান দুটি গেয়েছেন সুবীর নন্দী ও ফাতেমা তুজ্ জোহরা। লিখেছেন গোলাম মোস্তফা শিমুল, সুর করেছেন ফিরোজ কবির ডলার।

‘মুখ ও মুখোশ’ পরিবেশন করছে আশীর্বাদ চলচ্চিত্র।