মে দিবসে বেলচা হাতে আমির আলিয়া
মে দিবস উপলক্ষে মহারাষ্ট্রের মারাঠওয়াড়া গ্রামে গিয়ে বলিউড অভিনেতা আমির খান ও অভিনেত্রী আলিয়া ভাট ‘শ্রমদান’ করলেন।
বলিউড সুপারস্টার আমির খানের হাতে বেলচা,মাটি তুলে ঝুড়িতে রাখছেন। সেই মাটি নিয়ে গিয়ে ফেলে আসছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
অমিরের পরনে কালো পোশাক আর আলিয়া পরেছেন হাল্কা সবুজ রঙের পোশাক।
না, এটা কোনো বলিউডি চলচ্চিত্রের শুটিং নয়।
আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে মঙ্গলবার এভাবেই ‘শ্রম দান’ করলেন বলিউডের এই দুই অভিনয় শিল্পী।
এবিপি নিউজ সূত্রে জানা গেছে, আমির খানের ‘পানী ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরেই মহারাষ্ট্রের মানুষের জলের সমস্যা সমাধানের প্রয়াস চালাচ্ছে।
কয়েকদিন আগে, মহারাষ্ট্রের সাতারায় এই ফাউন্ডেশনের সঙ্গে খননকাজ করেছিলেন অভিনেতা অক্ষয় কুমার।
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের মারাঠাওয়াড়ায় পানী ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে মাটি কোপালেন।আলিয়ার সঙ্গে ‘শ্রমদান’-এ যুক্ত ছিলেন আমির খানও।
মাটি কোপানো ছাড়াও আমির ও আলিয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন গ্রামটির উন্নয়নের বিষয়ে।
এদিনের গোটা কর্মকাণ্ডের কিছু ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলিয়া ভাট।
২০১৬ সালে 'সত্যমেব জয়তে' অনুষ্ঠানে আমির খান এই মারাঠওয়াডা় গ্রামের খরার কথা তুলে ছিলেন।
এই ভারতীয় টেলিভিশন অনুষ্ঠানের পর থেকে পরিচালক সত্যজিৎ ভাটকল এই গ্রামটির উন্নয়নের উদ্যোগ নেন। সেই উদ্যোগে যুক্ত হন আমির খান।
তারা লক্ষ স্থির করেন, গ্রামের ৯০ শতাংশ খরাগ্রস্ত এলাকার উন্নয়ন করবেন।
