জাতীয় চলচ্চিত্র দিবসেও ঘুচল না বিভেদ
চলচ্চিত্রাঙ্গনের কলাকুশলীদের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসির) কর্তৃপক্ষের সুস্পষ্ট বিভেদের মধ্যেই উদযাপিত হল জাতীয় চলচ্চিত্র দিবস।
মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশাপাশি দিনটি পৃথকভাবে উদযাপন করেছে চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।
জাতীয় কমিটি ও চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির দুটি আয়োজনই ছিল বিএফডিসির অভ্যন্তরে।
জাতীয় কমিটির আয়োজনটি হয়েছে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে, অন্যদিকে চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনটি ছিল এফডিসির সাউন্ড কমপ্লেক্সের সামনে।
চলচ্চিত্র দিবসে বিএফডিসির সরকারি কর্মসূচিতে প্রবীণ অভিনেতা সৈয়দ হাসান ইমামকে সভাপতি না করায় বিক্ষুব্ধ হয়ে চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি আলাদাভাবে দিবস উদযাপনের ঘোষণা দিয়েছিল। পরে তারা তথ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করে।
পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এক বিবৃতিতে চলচ্চিত্র দিবসের আয়োজনে হাসান ইমামকে সভাপতি হিসেবে উল্লেখ করলেও ক্ষোভ যায়নি চলচ্চিত্র পরিচালক, শিল্পীদের সেই সংগঠনের। তারা মঙ্গলবার আলাদাভাবেই দিবসটি উদযাপন করেছে।
‘ঐতিহ্যের ভিত্তি ধরি, দেশের ছবি রক্ষা করি’- এ প্রতিপাদ্যে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনায় জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করছে জাতীয় উদযাপন কমিটি।
সকালে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনের অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান, যার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ, সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন।
উদ্বোধন শেষে বের করা শোভাযাত্রা। শোভাযাত্রাটি এফডিসির সামনের সড়ক প্রদক্ষিণ করে।
এই অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সভাপতি সৈয়দ হাসান ইমাম ছিলেন না। তিনি চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে অংশ নিয়ে উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর বিএফডিসি চত্বরে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটি আয়োজিত শোভাযাত্রা বের হয়।
বিকাল ৩টায় বিএফডিসির আট নম্বর সুটিং ফ্লোরে ছিল‘বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও সংকট উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন প্রাদেশিক পরিষদে বঙ্গবন্ধু উত্থাপিত বিলের মাধ্যমেই ঢাকায় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়, সূচনা হয় এদেশের চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক যাত্রা। সে ঐতিহাসিক অধ্যায় স্মরণেই ২০১২ সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন।
চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান উদ্বোধন করে হাসানুল হক ইনু বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, সেভাবে চলচ্চিত্র অঙ্গনও ঘুরে দাঁড়িয়েছে। চলচ্চিত্র অঙ্গনের সকলের চ্যালেঞ্জ ছিলো আধুনিক প্রযুক্তি রপ্ত করা, ডিজিটাল পদ্ধতিতে সিনেমা নির্মাণ ও প্রদর্শন করা। চ্যালেঞ্জ ছিলো জঙ্গি-সন্ত্রাস থেকে বাংলাদেশ চলচ্চিত্রকে উদ্ধার করা। এইসব চ্যালেঞ্জ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নজরে ডিজিটাল এফডিসিতে পরিণত হয়েছে এফডিসি। যেসব সমস্যা আছে তা খুব শিগগিরই সমাধান করা হবে।”
চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজন
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসির সাউন্ড কমপ্লেক্সের সামনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।
সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন সৈয়দ হাসান ইমাম।
এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান, চিত্রনায়ক ফারুক, ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক জাভেদ, চলচ্চিত্র শিল্পী সংস্থার সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা পপি, সাইমন, নাসরিন, মোহাম্মদ হোসেন জেমি, মুশফিকুর রহমান গুলজার, সুজাতা, শাহীন সুমনসহ আরো অনেকে।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন তারা। এছাড়া প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা করা হয়।
উদ্বোধন করে সৈয়দ হাসান ইমাম বলেন, “প্রধানমন্ত্রী এফডিসিকে ৬০ কোটি টাকা দিয়েছিলেন। এফডিসি কর্তৃপক্ষ সেই টাকা ঠিকমতো ব্যবহার করতে পারেনি। এমনভাবে যদি অপব্যয় হয় তাহলে আমাদের চলচ্চিত্র শিল্প আধুনিকায়ন হবে না, আন্তর্জাতিক পর্যায়ে যাবে না।”
এ টি এম শামসুজ্জামান বলেন, “চলচ্চিত্র বানাতে টাকা লাগে। সরকার ছবি বানানোর জন্য টাকা নানানভাবে ভাগ করে দিচ্ছেন। তাতে ভালো মানের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। এটাকে আমার কাছে চলচ্চিত্রের ফিতরা মনে হয়।
“ঈদের ফিতরা যেমন হয়, এটা তেমনি চলচ্চিত্রের ফিতরা। এই টাকায় কি ছবি বানানো যায় নাকি?”
শিল্পকলা একাডেমি আয়োজন
চলচ্চিত্র দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজন করে দেশব্যাপী অনুষ্ঠানমালার। আয়োজনে ছিল ঢাকা ও ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র কার্নিভাল, সেমিনার, চলচ্চিত্রের আড্ডা, প্রীতি সম্মিলনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ছিল চলচ্চিত্র কার্নিভাল। জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা। আলোচনা পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রনির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী, মশিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমি।
