২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় বাংলা কনসার্ট: যুদ্ধদিনের জাগরণী গানে উদ্বেল তারুণ্য

ঐতিহাসিক সাতই মার্চের জয় বাংলা কনসার্টে জনপ্রিয় বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনায় একাত্তরের যুদ্ধদিনের জাগরণী গানে মেতেছে তরুণ প্রজন্ম।

জয়ন্ত সাহা

রিফাত রহমান, তারেক নির্ঝর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 05:48 PM

Updated : 07 Mar 2024, 05:17 PM

ঢাকার আর্মি স্টেডিয়ামে বুধবার এই কনসার্ট আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)- এর ইয়ং বাংলা প্ল্যাটফর্ম। কনসার্টে অংশ নেয় ব্যান্ড দল পাওয়ার সার্জ, আরবোভাইরাস, শূন্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকূট ও আর্টসেল।

একাত্তরের অনুপ্রেরণাদায়ী গানের পরিবেশনার মধ্য দিয়ে বিকালে শুরু হওয়া এই কনসার্ট চলে মধ্যরাত পর্যন্ত। দেশপ্রেমের কথা-সুরে উদ্দীপ্ত তরুণদেরও অধিকাংশ সময় কণ্ঠ মেলাতে দেখা যায়।

১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক দেওয়ার দিনটির স্মরণে চার বছর ধরে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে। ৭ মার্চের সেই ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় এবার কনসার্টে ভিন্নতা আনার কথা জানিয়েছিলেন আয়োজকরা।

কনসার্ট উপলক্ষে গোটা আর্মি স্টেডিয়াম সাজানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। দুপুর হতেই তরুণদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মাঠের চারপাশের জায়ান্ট স্ক্রিনগুলোতে দেখানো হয় যুদ্ধ দিনের নানা স্মৃতি, বাঙালির মহানায়ক শেখ মুজিবের সেই ভাষণের খণ্ডাংশ।

বিকাল সাড়ে ৩টায় মঞ্চ থেকে ভেসে আসে সম্মিলিত কণ্ঠে যুদ্ধ দিনের গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’। গোবিন্দ হালদারের কথা ও সমর দাশের সুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই গান একাত্তরে অনুপ্রেরণা যুগিয়েছিল বাংলা মায়ের দামাল ছেলেদের।

সূচনার সম্মিলিত পরিবেশনার পর মঞ্চে আসে ব্যান্ড দল পাওয়ার সার্জ। প্রথমেই তারা পরিবেশন করে ‘মা গো ভাবনা কেন’। রক-মেটাল ঘরানার এই ব্যান্ড দলের উপস্থাপনায় ছিল ফিউশন।

তাদের পর মঞ্চে আসে ব্যান্ড দল পাওয়ার সার্জ। তাদেরও প্রথম পরিবেশনা ছিল ‘মা গো ভাবনা কেন’। পরে তারা শোনায় নগরবাউল ব্যান্ডের ‘সুলতানা বিবিয়ানা’ এবং নিজেদের গান ‘অপ্রস্তুত যুদ্ধ’।

তারপর জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা। ‘তোমার জয়ে’ শিরোনামে এই ভিডিও ডকুমেন্টারিতে দেখানো হয় তারুণ্যের অংশগ্রহণে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প।

এরপর মঞ্চে আসে ব্যান্ড দল আরবোভাইরাস। ‘আমরা করবো জয়’ গানটির মাধ্যমে শুরু করে হার্ড রক ব্যান্ড দলটি। একে একে তারা পরিবেশন করে ‘জ্বালো আগুন জ্বালো’, ‘শহরে’, ‘ভেঙ্গে ফেলো’, ‘ হারিয়ে যাও’ গানগুলো।  শেষে তারা শোনায় ‘ইশকুল’ গানটি।

অল্টারনেটিভ রক ব্যান্ডদল শুন্য শুরু করে ‘গোধূলীর ওপারে’ পরিবেশনার মধ্য দিয়ে। পরে নিজেদের জনপ্রিয় গান ‘শত আশা’, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান ‘জয় বাংলা বাংলার জয়’, ‘বেদনা’ ও ‘ঝরিয়ে দাও’ এবং লোকগান ‘মন তোরে পারলাম না বোঝাইতে’ ও ‘শোনো মহাজন’ পরিবেশন করে তারা।

এই পর্যায়ে দেখানো হয় সাতই মার্চের ভাষণের একটি অডিও ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র।  বঙ্গবন্ধুর ভাষণের অংশবিশেষ দেখানো হয় সেখানে, যখন বঙ্গবন্ধু বলছিলেন, “রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।…এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের গান নিয়ে ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা অডিও-ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

তখন বিকাল গড়িয়ে নামছে সন্ধ্যা। সুরের তালে উন্মাতাল তারুণ্যের পদভারে আর্মি স্টেডিয়ামে ছিল না তিলধারণের ঠাঁই।

গানের মাঝখানে বিরতি, ৭টার দিকে মঞ্চের জায়ান্ট স্ক্রিনে প্রদর্শিত হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে প্রামাণ্যচিত্রের রঙিন সংস্করণ। এতে ভেসে ওঠে একাত্তরের পহেলা মার্চ থেকে ৭ মার্চের উত্তাল সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট। সত্তরের জাতীয় নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানের সামরিক সরকারের দমন-পীড়ন ও হত্যাযজ্ঞের বিবরণ।

এরপর মঞ্চে এসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গানটি পরিবেশনার পাশাপাশি নিজেদের আরও চারটি গান শোনায় নেমেসিস।

ক্রিপটিক ফেইট পরিবেশন করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানটি। তাদের শুরু ছিল ‘ভোরের অপেক্ষা’ গানটি দিয়ে। পরে একে একে পরিবেশন করে ‘ভবঘুরে’, ‘প্রতিবাদ’ ও ‘আক্রমণ’। পরে তারা গায় ‘চলো বাংলাদেশ’ গানটি।

রঙ-বেরঙের আতশবাজি ওড়ে মঞ্চের দুই কোণা থেকে। লাল-নীল-হলদে-সবুজ, কৃত্রিম আলোর ঝলকানিও দেখা যায় ক্ষণে ক্ষণে। হঠাৎ লেজার লাইট সব বন্ধ হয়ে মঞ্চের পর্দায় দেখা যায় ‘আগুনের ফুলকি’; পুরো স্টেডিয়াম তখন ঘুটঘুটে অন্ধকার, জ্বলে উঠে মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো।

তখন মঞ্চে আসে ব্যান্ড দল লালন। প্রথমেই তারা পরিবেশন করে ‘এ শহর এলোমেলো’ গানটি। এ গানের সঙ্গে মঞ্চের পেছন থেকে আকাশের দিকে ওঠে নানা রঙের আতশবাজির ঝলকানি। এমন পরিবেশনায় উন্মাতাল তারুণ্য সম্মিলিত কণ্ঠে জানায় তাদের উপস্থিতি।

এরপর লালন পরিবেশন করে ‘শেখ মুজিবের মুক্তি চাই’।পরে লালনসঙ্গীত ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ পরিবেশনার সময় লালনের ভোকাল সুমির সঙ্গে গলা মেলায় তরুণের দল।  তারপর ‘সাদাকালো’ অ্যালবাম থেকে সুমি শোনান ‘ভগবান’ গানটি। 

লালনের পরিবেশনার পর ক্ষণিকের বিরতি। এই বিরতিতে মঞ্চের পর্দায় প্রদর্শিত হয় সিআরআইয়ের বিভিন্ন কার্যক্রমের অংশবিশেষ। এরপর স্টেডিয়ামের সবগুলো জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ নিয়ে ইউনেস্কো প্রধানের বক্তব্য।

আয়োজনের সবশেষ পরিবেশনা ছিল ব্যান্ড দল চিরকুটের। চিরকুট সদস্য ইমন তার মোহনবীণায় তোলেন জাতীয় সংগীতের সুর। তারপরই তারা গায় ‘ধন ধান্য পুষ্পে ভরা’ গানটি। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আগতদের দুহাত তখন ঊর্ধ্বগগণে। তাই দেখে চিরকুট সদস্যরা ক্ষণিকের জন্য থামিয়ে দেন তাদের যন্ত্রানুসঙ্গ। গোটা স্টেডিয়াম খালি গলাতেই গেয়ে ওঠে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’।

তারপর তারা একে একে শোনায় ‘প্রথম প্রেমে মরে যাওয়ার গান’, ‘জাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘আমি খাজনা দেব না’, ‘কানামাছি’, ‘দুনিয়া’ গানগুলো।

কনসার্টে  আসা নেদারল্যান্ডসের নাগরিক টরি বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু বাংলাদেশ নয়, স্বাধীনতাকামী সব জাতির জন্য অনুপ্রেরণাদায়ী। এই ভাষণ লাখো নিপীড়িতের মনে স্বাধীনতার বীজ বপন করে দিয়েছে, ভবিষ্যতেও দিয়ে যাবে।”

কনসার্টে ভালো লাগার কথা জানিয়ে মহাখালীর তরুণ রাহাত জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই প্রথম কোনো কনসার্টে এসেছি, আর সেটা হল সাতই মার্চের কনসার্ট। খুব ভালো লাগছে।”

খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থী আবিদ-উর রহমান বলেন, “আমি প্রায় সব কনসার্টে যাই, তবে জয়বাংলা কনসার্টের বিষয়টা অন্যরকম। আমি রক সংগীতের ভক্ত, এখানে আমার প্রিয় প্রায় সব ব্যান্ডই এসেছে। তবে সব কিছু ছাপিয়ে যেহেতু এটা জয়বাংলার কনসার্ট, তাই অনুভূতি এখানে প্রবল।”

আদমজী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, “স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের গানের সাথে রক সঙ্গীতের ফিউশন সত্যি অসাধারণ। স্বাধীনতার সময়ের অমর গানগুলোকে নতুনভাবে উপস্থাপিত করার প্রয়াস এরকমভাবে আর দেখিনি।”

জমকালো এই গানের আসরের ফাঁকে আর্মি স্টেডিয়ামে সিআরআইয়ের প্রকাশনা বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে গ্রাফিক নভেল ‘মুজিব’র স্টলেও তরুণদের ভিড় দেখা যায়।

সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় এ বছর আমাদের আয়োজনটি ছিল একটু অন্যরকম। কনসার্ট আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের একটি বার্তাও দিতে চেয়েছিলাম।” 

জয়বাংলা কনসার্টের মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। পুরো কনসার্টটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- এর অফিসিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয়েছে।