রাজধানীতে সাত ব্যান্ডের কনসার্ট
“উদযাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।”
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে সাতটি ব্যান্ড নিয়ে এক উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে।
শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হবে ‘কনসার্ট ফর সলিডারিটি’ শিরোনামের এই কনসার্ট।
এতে পারফর্ম করবে নগর বাউল (জেমস), মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিকেল ৪টা থেকে শুরু হবে এই সংগীত আয়োজন।
কনসার্টটির সহযোগিতায় রয়েছে ব্যান্ড সংগীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
প্রায় সাত ঘণ্টাব্যাপী এ আয়োজন নিয়ে বামবার অফিসিয়াল ফেইসবুক পেইজে জানানো হয়, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদযাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন। ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড, সাত ঘণ্টা পরিবেশনা’ ক্যাপশনে কনসার্ট উপভোগের আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংস্থাটি।
