আবোল-তাবোলের উৎসবে তারা
শিশু সংগঠন আবোল-তাবোল, রাজবাড়ীর রজতজয়ন্তী উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী-নির্মাতা।
অতিথির তালিকায় আছেন চিত্রনায়িকা রোজিনা, অভিনেতা খায়রুল আলম সবুজ, অভিনেত্রী আফরোজা বানু, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাট্যনির্মাতা অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী, অভিনেতা টুটুল চৌধুরী।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে শনিবার পর্যন্ত।
তিনদিন ব্যাপী এ উৎসবে থাকছে শোভাযাত্রা, অতিথি তারকাদের সংবর্ধনা, শুভেচ্ছা বিনিময়, জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা, নবীন-প্রবীন আবোল-তাবোলদের স্মৃতিচারণ।
সংগঠনের সভাপতি এড. দেবাহূতি চক্রবর্তী বলেন, “২৫ বছর উদযাপনে দেশে ও দেশের বাইরে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব আবোল-তাবোলের মিলনমেলায় অচিরেই মুখর হবে রাজবাড়ী। একটি শিশু সংগঠন হিসেবে এই দীর্ঘ যাত্রা ছিল অনেকাংশে আনন্দের।”
উৎসবে তিনদিনে তিনটি পর্বে ভাগ করা হয়েছে এই অনুষ্ঠান। শুক্রবার সকাল ৯ টায় থাকছে মনোজ্ঞ শোভাযাত্রা। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০ পর্যন্ত চলবে মূল অনুষ্ঠান।
