২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাপনের সঙ্গে চুক্তি বাতিল করলো বিনোদন সংস্থা

শিল্পীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় তার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করলো ভারতের জনপ্রিয় বিনোদন সংস্থাটি ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 09:41 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

‘ভয়েস কিডস সিজন-২’ নামে ভারতের এক রিয়েলিটি শো’তে এক নাবালিকা প্রতিযোগীকে চুমু খেয়েছিলেন পাপন। ফেইসবুক লাইভে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল।

দেশ জুড়ে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি ভারতের শীর্ষ আদালতের আইনজীবী রুণা ভুঁইয়া সংগীতশিল্পীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ।

এই রিয়েলিটি শো’র অন্যতম বিচারক পাপন মোহন্ত’র পাশে নাবালিকা প্রতিযোগীর বাবা দাঁড়ালেও, সরে গেল ভারতের জনপ্রিয় বিনোদন সংস্থা ‘এসএল গ্রুপ’।

হিন্দুস্তান টাইমস সূত্রে খবর, ‘এসএল গ্রুপ অব কোম্পানি’র চেয়ারম্যান এবং ভারতের রাজ্যসভার সদস্য সুভাষ চন্দ্র টুইটারে জানিয়ে দিয়েছেন, ‘আমি আমার কোম্পানির কর্মকর্তাদের জানিয়ে দিয়েছি, আমরা এই সংগীতশিল্পীকে নিয়ে আর কোনও কাজ করব না।

যে কাজগুলো ইতিমধ্যেই করা হয়ে গেছে তার জন্য পাপন প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। 

ভবিষ্যতে ‘এসএল গ্রুপ’-এর কোনো কাজেই আর এই শিল্পীকে দেখা যাবে না।’

 
 

‘স্নেহের প্রকাশ দেখাতে গিয়ে, ওইভাবে মেয়েটিকে ধরা ঠিক হয়নি।’ জানিয়ে ভুল স্বীকার করে পাপন ক্ষমা চাইলেও তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হচ্ছেনা ।

মহারাষ্ট্রের নারী ও শিশু কল্যাণ বিভাগের মন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

টুইট করে এই শো-এর বিচারক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে পাপন লিখেছিলেন, “আমি এখন আর এই পেশাদার কাজটি করার মতো মানসিক অবস্থায় নেই। সেকারণে বিচারকের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

যতদিন পর্যন্ত না এই বিতর্ক শেষ হয় ও আমার বিরুদ্ধে তদন্ত শেষ হচ্ছে ততদিন আমি সরে থাকছি। আইনে আমার পুরো আস্থা আছে ।”

পুরনো খবর:

সংগীতশিল্পী পাপনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ