সংগীতশিল্পী পাপনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
রিয়েলিটি শো’তে এক নাবালিকা প্রতিযোগীকে চুম্বন করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী পাপন । তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন ভারতের শীর্ষ আদালতের আইনজীবী রুণা ভুঁইয়া ।
‘ভয়েস ইন্ডিয়া কিডস’ নামের এক রিয়েলিটি শো’র রঙের উৎসব হোলি-র জন্য বিশেষ এক পর্বের শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটে ।
প্রতিযোগীরা রং খেলায় মেতেছিলেন। এক প্রতিযোগীর গালে প্রথমে আবীর দেন পাপন । তারপর সেই নাবালিকাকে চুম্বন করেন এই সংগীতশিল্পী। সেই সময় ফেইসবুক লাইভ চলছিল। পুরো ঘটনাটিই ধরা পড়ে ভিডিওতে।
পাপনের হঠাৎ এরকম ব্যবহারে অস্বস্তিতে পড়ে যায় ওই প্রতিযোগী। ঘটনা ঘটার পর ফেইসবুক লাইভ হচ্ছে জানতে পেরে অস্বস্তিতে পড়ে যান পাপনও।
ভিডিওর এই দৃশ্য আপত্তিকর বলে অভিযোগ দায়ের করেছেন শীর্ষ আদালতের আইনজীবী রুণা ভুঁইয়া ।
এনডিটিভি সূত্রে জানা গেছে, এই আইনজীবি শিশুর যৌন নির্যাতন প্রতিরোধ posco (Protection of Children from Sexual Offences) আইনের সাত এবং আট নম্বর ধারায় এই ঘটনার তদন্ত দাবি করেছেন ।
তিনি লিখেছেন,“ এক নাবালিকার প্রতি পাপন মোহন্তর ব্যবহার দেখে আমি স্তম্ভিত। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই নাবালিকার মুখে রং মাখিয়ে দেওয়ার পর তাকে চুমু খান পাপন। নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে চুমু খান । সারা দেশে রিয়ালিটি শো’তে যে নাবালিকারা অংশ নিচ্ছে, তাদের সুরক্ষার বিষয়ে আমি চিন্তিত।”
‘ভয়েস ইন্ডিয়া কিডস’-এর বিচারকের ভূমিকায় আছেন পাপন মোহন্ত। তিনি ছাড়াও সংগীতশিল্পী শান এবং হিমেশ রেশমিয়া রয়েছেন অন্যতম বিচারক হিসেবে ।
পুরো ঘটনাটি অপব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেছেন পাপনের ম্যানেজার পার্থ গগৈ। তিনি জানান, কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে পাপন এই কাজ করেনি। সেইকারণে পাপনের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকেও ভিডিওটি সরানো হয়নি।
অন্যদিকে, পাপনের মতো একজন জনপ্রিয় শিল্পীর ভাবমূর্তি কলঙ্কিত করবার অভিযোগে পাপনের ফ্যানস ক্লাব পালটা অভিযোগ দায়ের করেছে।
