২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানের ভিলেন শিমুল খান

রুবেলের গানে নতুন লুকে মিউজিক্যাল ফিল্মে হাজির হচ্ছেন খলনায়ক শিমুল খান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 07:22 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

দুই বছর বিরতি নিয়ে নতুন গান নিয়ে আসছেন তরুণ কণ্ঠশিল্পী রুবেল। নতুন গানে ভিন্ন লুক নিয়ে এতে মডেল হিসেবে আত্মপ্রকাশ করছেন ঢাকাই চলচ্চিত্রের তরুণ খলনায়ক শিমুল খান।

‘নষ্ট আমি’ শিরোনামের গানটির কথা লিখেছেন মিজানুর রাফি, সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক।

নির্মাতা রায়হান রাফির পরিচালনায় গানটির মিউজিক ভিডিওটি চিত্রায়িত হচ্ছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। নির্মাতা সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি থেকে শুরুহওয়া মিউজিক ভিডিওটির চিত্রায়ন চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সম্পাদনা শেষে খুব শিগগিরই মুক্তি পাবে গানটি। এতে শিমুল খানের বিপরীতে মডেল হয়েছেন নুসরাত জাহান জেরী।

নির্মাতা রায়হান রাফি গান প্রসঙ্গে বলেন, “এটা ঠিক মিউজিক ভিডিওর মতো না। জাস্ট একটা গানকে বেইজ করে পুরো ৮/১০ মিনিটের একটা মিউজিক্যাকাল শর্টফিল্ম কিংবা মিউজিক্যাল ফিকশন। এই মিউজিক্যাল ফিকশনের পুরো গল্পটাই ভাল এবং খারাপের ইতিবাচক নেতিবাচক দিক দেখানোর চেষ্টা করা হয়েছে নামভূমিকার চরিত্রটির মাধ্যমে।”

ঢাকা চলচ্চিত্রের খলনায়ক তরুণ অভিনেতা শিমুল খান একচল্লিশটি চলচ্চিত্রে অভিনয় করলেও এই প্রথম মিউজিক ভিডিওতে মডেল হলেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, “এই মিউজিক ভিডিওর নির্মাতা রায়হান রাফি অত্যন্ত ট্যালেন্টেড একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পী রুবেলও সিঙ্গাপুর থেকে মিউজিকে বিশেষ ডিগ্রি নিয়ে এসেছে।

“সবচেয়ে বড় কথা গানটির মান এবং মিউজিকে ভিডিওটির পুরো পরিকল্পনা প্রধানত আমাকে ঘিরেই । এর গল্পটিও চমৎকার তাই রাফির মুখে সবকিছু শোনার সাথে সাথেই রাজি হয়ে গিয়েছি |

“আশা করি কাজটি কাঙ্ক্ষিত মানসম্পন্ন হবে এবং পর্যাপ্ত জনপ্রিয়তা পাবে, আমি ব্যক্তিগতভাবে এই কাজটি নিয়ে অনেক অনেক আশাবাদী।”

মিউজিক ভিডিওটির চিত্রগ্রহনের দায়িত্বে থাকছেন চিত্রগ্রাহক খায়ের খন্দকার এবং আলোক প্রক্ষেপনে ইব্রাহিম শাহরিয়ার ।

সম্পাদনা, কালার গ্রেডিং ও আনুষাঙ্গিক পোস্ট প্রোডাকশন করবেন নির্মাতা সিমিত রয় অন্তর |