ফেব্রুয়ারিতে বলিউড কার নেতৃত্বে?
সমাজ সচেতনতা, রাজনৈতিক থ্রিলার কিংবা কমেডি, বিনোদনের নানা ধারার ছবি মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারিতে।
সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবত’ মুক্তি নিয়ে বলিউড সরগরম ছিল জানুয়ারিতে । চলচ্চিত্রটি নিয়ে আলোচনা, বিতর্ক ইত্যাদির জন্য অনেক চলচ্চিত্রই তাদের মুক্তি পিছিয়ে দিয়েছিল সংঘাত এড়াতে বা বন্ধুত্বের খাতিরে ।
অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’ ছবিটি নিয়েও কম আলোচনা হয়নি । নারীদের পিরিয়ড-কালীন স্বাস্থ্যঝুঁকি, পরিচ্ছন্নতা ও সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন তৈরির গল্প নিয়ে নির্মিতব্য এ সিনেমা মুক্তির আগে থেকেই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তামিলনাড়ুর সমাজসেবক অরুণাচল মুরুগানাথম-এর জীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত অক্ষয় ও সোনম কাপুর অভিনীত ‘প্যাডম্যান’ পোস্টার প্রকাশ থেকেই চলচ্চিত্রপ্রেমীদের নজর কেড়েছে।
ছবিটির মুক্তির তারিখ প্রথমে ঘোষণা ছিল ২৬ জানুয়ারি, ভারতের প্রজাতন্ত্র দিবসে । ঠিক তার আগের দিন, ২৫ জানুয়ারিতে মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’ । সেইকারণে ‘বন্ধুত্বের খাতিরে’ অক্ষয় ছবি মুক্তির দিন পিছিয়ে দিয়েছিলেন ।
অক্ষয়পত্নী টুইঙ্কল খান্না প্রযোজিত ‘প্যাডম্যান’ মুক্তি পাচ্ছে ৯ফেব্রুয়ারি ।
একইদিনে মুক্তি পাবে নীরজ পান্ডে পরিচালিত ‘আইয়ারি’ । রাজনৈতিক থ্রিলারধর্মী ছবিটিতে অভিনয় করেছেন মনোজ বাজপায়ী, নাসিরউদ্দিন শাহ, অনুপম খের প্রমুখ ।
বিজ্ঞাপন ছবি নির্মাতা আলেয়া সেন শর্মা তৈরি করেছেন পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘দিল জংলী’। তাপসী পান্নু, সীমা বিশ্বাস এবং শাকিব সেলিম অভিনীত এই সিনেমা দিয়েই মুম্বাই চলচ্চিত্র জগতে প্রবেশ ঘটছে পরিচালকের । ছবিটি মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি ।
ফেব্রুয়ারির ২৩ তারিখ মুক্তি পেতে চলেছে ‘সনু কে টিটু কি সুইটি’ । লাভ রঞ্জন পরিচালিত ২০১১সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্যায়ার কা পঞ্চনামা’ দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মের ভীষণ পছন্দের ছবি ছিল । সেই ধারাবাহিকতাতেই এই পরিচালক নির্মাণ করেছেন নতুন এই ছবিটি ।
টিটু বিয়ে করতে চলেছে সুইটিকে । কিন্তু টিটুর ঘনিষ্ঠবন্ধু সনু সুইটির চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে বিয়ে ভেঙে দিতে চায় । সুইটি বিয়ে করতে মরিয়া হয়ে ওঠে । এরকমই মজার গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ভারুচা, কার্তিক আরিয়ান, সনু সিং নিজ্ঝর প্রমুখ ।
ফেব্রুয়ারির ২৩ তারিখেই মুক্তি পাচ্ছে চকরি টলেটি নির্মিত কমেডি ছবি ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ।
সোনাক্ষী সিনহা, দিলজিৎ দোসাঞ্জ, রানা দগ্গুবতী, রীতেশ দেশমুখ, করণ জোহর, সুশান্ত সিং রাজপুত ছাড়াও বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী এই সিনেমায় অভিনয় করেছেন । সম্পূর্ণ বিনোদনধর্মী মজার এই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলিউডে ।
এই ২৩ ফেব্রুয়ারিতেই রানি মুখার্জি অভিনীত ‘হিচকি’ মুক্তির কথা থাকলেও বিশেষ কারণবশত একমাস পরে ছবিটিকে মুক্তি দেওয়া হবে ।
অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ আলোচনায় অনেক এগিয়ে থাকলেও এখন দেখার চলতি মাসে বলিউডের নেতৃত্ব কার দখলে থাকে!
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
