বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের জুরি আহমেদ মুজতবা জামাল
পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠছে আগামী ১৫ ফেব্রুয়ারি। এ উৎসবের জুরি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আহমেদ মুজতবা জামাল।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস বা ফিপ্রেস্কির সদস্য হিসেবে বার্লিন ফিল্ম ফেস্টিভালের ক্রিটিক জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের চলচ্চিত্র ব্যক্তিত্ব আহমেদ মুজতবা জামাল।
এ আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ১৯৯৪ সাল থেকে সংস্থাটির সঙ্গে যুক্ত আছেন । এ পর্যন্ত অংশ নিয়েছেন কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বখ্যাত প্রায় ২৫টি উৎসবে।
দীর্ঘ ১৮ বছর পর বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের ক্রিটিক জুরি হিসেবে ডাক পেলেন আহমেদ মুজতবা জামাল।
তিনি বলেন, “ফিপ্রেস্কির সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। এই কিছুদিন আগেও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেস্কির সমালোচকরা জুরি হয়ে এসেছিলেন। প্রায় ১৮বছর পর বার্লিনে যাচ্ছি, এ নিয়ে ভালোলাগা আছে।”
টানা ১০ দিনব্যাপী চলবে জমকালো এই চলচ্চিত্র উৎসব। তবে, এ উৎসবে এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো চলচ্চিত্রের অংশগ্রহণের খবর নেই।
আহমেদ মুজতবা জামাল রেইনবো ফিল্ম সোসাইটির প্রধান, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক ও ফিপ্রেস্কির বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘এফআইপিআরইএসসিআই’-র জুরি হিসেবে প্রথমবারের মতো বার্লিন উৎসবে অংশগ্রহণ করেন জামাল। এরপর ২০০০ সালে একই উৎসবে নেটপ্যাক জুরি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ উৎসব ছাড়াও ২০০২, ২০০৫ ও ২০০৯ সালে কান চলচ্চিত্র উৎসবে তিনি ক্রিটিকস জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
