২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো আছেন শাকিব খান

‘সুপার হিরো’ চলচ্চিত্রের শ্যুটিংয়ে সিডনি গিয়েই ঠাণ্ডাজনিত কারণে জ্বরের কবলে পড়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন চিত্রনায়ক শাকিব খান। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 05:29 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

বর্তমানে সিডনির এক হোটেলে বিশ্রামে আছেন শাকিব। রোববার সকালে গ্লিটজকে তিনি বলেন, “এখন আগের তুলনায় বেশ খানিকটা ভালো আছি। কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন ডাক্তাররা। আশা করছি খুব শিগগরিই শ্যুটিংয়ে ফিরব।”

নির্মাতা আশিকুর রহমানের ‘সুপার হিরো’ নামে চলচ্চিত্রের শ্যুটিংয়ে যোগ দিতে গত সোমবার ঢাকা থেকে উড়াল দেন শাকিব। হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।

শাকিব-বুবলী ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, টাইগার রবি। সিনেমার চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন।

সবশেষ দুই মাস ব্যাংকক-কলকাতা-ঢাকা রুটেই কেটেছে শাকিবের বেশিরভাগ সময়। ব্যাংককে ‘নোলক’ চলচ্চিত্রের শ্যুটিং শেষে চলতি মাসের শুরুতে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। সেখানকার স্থানীয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। সঙ্গে ছিলেন বুবলী।

একই সপ্তাহে শাকিব-বুবলীকে ঘিরেই ‘মিউজিক্যাল নাইট’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঞ্জের ভেটকিয়ায়।

আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত চলচ্চিত্র ‘আমি নেতা হব’। উত্তম আকাশের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া। তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম।

শাকিব-মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াতসহ অনেকে। চলতি মাসের শুরুতেই বিনা কর্তনে ছাড়পত্র পায় ছবিটি।