২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাণিজ্যিক সিনেমাকে অনেকে ভালো চোখে দেখে না’

পশ্চিমবঙ্গের গণমাধ্যমের তোপের মুখে পড়েছে জিৎ-ফারিয়ার ‘ইন্সপেক্টর নটিকে’। ছবিকে নিয়ে সমালোচনার জবাব নিয়ে বাংলাদেশে এলেন ছবির অভিনেতা জিৎ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 05:57 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

বাংলাদেশে ছবিটি মুক্তির আগে বুধবার ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের গণমাধ্যমের পালটা সমালোচনা করেন তিনি।

ওখানকার গণমাধ্যমকে ইঙ্গিত করে বলেন, “বাণিজ্যিক সিনেমাকে অনেকে ভালো চোখে দেখে না । এটা আজ থেকে না, আরও ২৫-৩০ বছর ধরেই দেখছি। তাদের জন্য শুধুমাত্র দয়াই দেখাতে পারি। আর কিছু নয়।”

গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে ছবিটি। শুক্রবার বাংলাদেশে মুক্তির তারিখ ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

যৌথ প্রযোজনায় ছবিটির নির্মাণ শুরু হলেও নীতিমালা নিয়ে তৈরি হওয়া জটিলতার কারণে সাফটা চুক্তির আওতায় আমদানী করে বাংলাদেশে মুক্তি দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

‘ইন্সপেক্টর নটিকে’র পরিবর্তে ভারতে মুক্তি পাবে নাদির চৌধুরীর পরিচালনায় একই প্রযোজনা প্রতিষ্ঠানের আরেক চলচ্চিত্র ‘মেয়েটি এখন কোথায় যাবে’।

সমালোচনাকে আপাতত গায়ে না মেখে ছবিটি নিয়ে আশাবাদের গল্পই শোনালেন জিৎ। সাংবাদিকদের বলেন, “সিনেমায় প্রেম আছে, সুন্দর লোকেশন আছে, দুর্দান্ত একটি গল্প আছে। পুরো পরিবার নিয়ে দেখার মতো সিনেমা এটি।”

সিনেমার গল্প নিয়ে বলেন, “খুব সাধারণ একটি মানুষের চরিত্রে অভিনয় করেছি। যার স্বপ্ন একজন পুলিশ ইন্সপেক্টর হওয়া। স্বপ্নে বিভোর হয়েই ইতালি যাই। সেখানে গিয়ে প্রেম ভালোবাসার মধ্য দিয়েই সিনেমার গল্প এগিয়ে যায়।”

জিৎ-এর মতো ফারিয়াও জানালেন, “পুরো পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। আশাকরি দর্শক বিনোদন পাবে।”

অশোক পতি পরিচালিত এ ছবিতে জিৎ ও ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন চম্পা, শহিদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।

ছবিতে গান লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় ও প্রাঞ্জল। সংগীতায়োজন করেছেন স্যাভি ও শুদ্ধ রায় । কন্ঠ দিয়েছেন রাজ রহমান, দেব নেগি, স্বীতা পণ্ডিত প্রমুখ।