শাস্ত্রীয় সংগীত উৎসব: তিন প্রজন্মের ঘাটম-কঞ্জিরায় ঈশ্বর বন্দনা
তরুণ প্রজন্মের সাধকদের সেতার বাদনের পর গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম ও তার পরবর্তী দুই প্রজন্মের ঘাটম, কঞ্জিরা, কোন্নাদল ও মোরসিংয়ে ঈশ্বর বন্দনায় শুরু হয় শাস্ত্রীয় সংগীত উৎসবের তৃতীয় দিনের আসর।
তৃতীয় দিনের শুরুতে মঞ্চে আসে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীরা। পণ্ডিত কুশাল কুমার দাশের শিষ্যদের সেতার পরিবেশনায় শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।
সাত জনের দলটিতে ছিলেন প্রশান্ত মণ্ডল, টি এম সেলিম রেজা, রিংকু চন্দ্র দাস, মেহরিন আলম, জ্যোতি বন্দোপাধ্যায়, মোহাম্মদ কাউসার ও জাহাঙ্গীর আলম শ্রাবণ। রাগ ‘কিরওয়ানিতে’ তারা পরিবেশন করেন সেতার অর্কেস্ট্রা।
পরিবেশনা শেষে তাদের হাতে উৎসব স্মারক তুলে দিয়ে গ্র্যামি বিজয়ী শিল্পী বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম।
এরপর কর্ণাটকি যন্ত্র ঘাটম, কঞ্জিরা, মুরসিং আর কোন্নাদলের ঐকতানে পরিবেশিত হয় হিন্দু পুরাণের পৌরাণিক দেবতাদের নানা কাহিনী। ঘাটম পরিবেশনায় শিল্পী বিদ্বান ভিক্ষু বিনায়ক রামের সঙ্গে সঙ্গত করেন তার ছেলে সেলভাগনেশ বিনায়ক; সঙ্গে কোন্নাদল, মোরসিং-এ সঙ্গত করেন স্বামীনাথন এবং এ গণেষাণ।
হিন্দু পুরাণের বহুল প্রচলিত ‘শিবতাণ্ডব’ পরিবেশনায় শুরু করেন তিন প্রজন্ম, পরে ‘সেভেন অ্যান্ড এ হাফ’ প্রযোজনাটি পরিবেশনা করেন তারা। এ পরিবেশনায় দক্ষিণী বাদ্যযন্ত্রের ধুনে তারা তুলে আনেন উচ্ছ্বাস, আনন্দের গল্প।
শাস্ত্রীয় সংগীত উৎসবের তৃতীয় দিন সন্ধ্যায় ঘাটম পরিবেশনায় গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী শিল্পী বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম। ছবি: জয়ন্ত সাহা
এরপর খেয়াল পরিবেশন করেন সরকারি সঙ্গীত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। ১৮ সদস্যের এ দলটিতে ছিলেন আশা খন্দকার, বিটু কুমার শীল, দেবজানি দাস, ড. ফকির সুমন, জি এম সাইফুল ইসলাম, জোহরা হোসাইন, মল্লিকা ওঝা, গোলাম মোস্তফা, মমিন মিয়া, মুরাদ হোসাইন, নিউটন বৈরাগী, নিত্য গোপাল ঠাকুর, অর্বি শর্মি, শারমিন সুলতানা স্মৃতি, কৃষ্ণ গোপাল, সুমা ব্যাপারি, সুস্মিত সাহা ও তমালিকা হালদার।
এরপর সরোদ বাদন করেন ভারতের প্রখ্যাত সরোদশিল্পী আবির হোসেন। এরপর বাংলাদেশের প্রখ্যাত বংশীবাদক গাজী আবদুল হাকিম বাঁশিতে সুর তোলেন।
শাস্ত্রীয় সংগীত উৎসবের তৃতীয় দিনের শুরুতে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা সেতারে পরিবেশন করেন রাগ কিরওয়ানি। ছবি: জয়ন্ত সাহা
তৃতীয় দিনের শেষ পরিবেশনায় খেয়াল পরিবেশন করেন পণ্ডিত অজয় চক্রবর্তী। প্রথমে রাগ ‘গুনকেলি’, এবং ‘যোগিয়া’ রাগে বাংলা গান শোনান তিনি। শেষে তিনি একটি ভজন পরিবেশন করেন। শিল্পীকে তবলায় সঙ্গত করেন পণ্ডিত যোগেশ শামসি, হারমোনিয়ামে গৌরব চ্যাটার্জি, এবং তানপুরায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থী উজ্জ্বল কুমার মালাকার ও অভিজিৎ দাশ।
শুক্রবার
উৎসবের চতুর্থ দিন পরিবেশনার শুরু হবে শাস্ত্রীয় নৃত্যে। মনিপুরি, ভরত নাট্যম ও কত্থক নৃত্য পরিবেশন করবেন সুইটি দাস, অমিত চৌধুরী, স্নাতা শাহরিন, সুদেষ্ণা স্বয়মপ্রভা, মেহরাজ হক এবং জুয়াইরিয়াহ মৌলি।
শাস্ত্রীয় সংগীত উৎসবের তৃতীয় দিন সন্ধ্যায় ঘাটম, কঞ্জিরা, কোন্নাদল, মোরসিং-এ ‘শিবতাণ্ডব’ পরিবেশনায় গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী শিল্পী বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম, তার ছেলে সেলভাগনেশ বিনায়ক, স্বামীনাথন এবং এ গণেষাণ। ছবি: জয়ন্ত সাহা
শনিবার
বিদূষী সুজাতা মহাপাত্রের ওড়িশি নৃত্যে শুরু হবে উৎসবের পঞ্চম ও শেষ দিনের আয়োজন। মোহন বীণা পরিবেশন করবেন পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, খেয়াল পরিবেশন করবেন ব্রজেশ্বর মুখার্জি, যৌথভাবে সেতার বাদনে অংশ নেবেন পণ্ডিত কুশল দাস ও কল্যাণজিত দাস, সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত কৈবল্যকুমার।
অন্যান্য বারের মত এবারও পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশিবাদনে পর্দা নামবে উৎসবের।
